সরকারি ব্যয় মেটাতে অতিরিক্ত টাকা ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আর্জেন্টিনা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মূল ও প্রধান দায়িত্ব হিসেবে মুদ্রার মূল্যমান স্থিতিশীল রাখার বিষয়টি নির্ধারণ করে একটি বিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ। খবর আল জাজিরার। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনার পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিলটি পাস হয়। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের নেওয়া অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

এর আগে বিভিন্ন সরকারের আমলে সরকারি ব্যয় নির্বাহে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত অর্থ ছাপাত। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের পদক্ষেপ দেশটিতে উচ্চ মূল্যস্ফীতির অন্যতম কারণ ছিল। ২০২৩ সালে আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ২০০ শতাংশ ছাড়িয়ে যায়।

লিবারেল অর্থনীতিবিদ হাভিয়ের মিলেই ওই বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। তাঁর নেতৃত্বে দেশটিতে মূল্যস্ফীতির হার কমেছে। তবে একই সময়ে দারিদ্র্যের হার বেড়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি কমে যাওয়ায় দেশটি মন্দার দিকেও এগিয়ে যেতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকসংক্রান্ত বিলটি পাস হওয়ার পর এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছে প্রেসিডেন্টের দপ্তর। বিবৃতিতে বলা হয়, ‘এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রায় দুই দশকের রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটল।’

১৯৩৫ সালে প্রতিষ্ঠিত আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে বিবৃতিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি দীর্ঘ ৯১ বছর ধরে লুটপাট, সম্পদ দখল, দায়মুক্তি ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের শিকার হয়েছে।

চেম্বার অব ডেপুটিজে বিলটির পক্ষে ভোট পড়ে ১৪১টি। বিপক্ষে কোনো ভোট পড়েনি। তবে ভোটদানে বিরত ছিলেন ৯৯ জন সদস্য।

এর আগে দেশটির সিনেটেও বিলটি পাস হয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অপসারণের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন বাধ্যতামূলক করার একটি প্রস্তাব বাদ দেওয়া হয়। ওই বিধানটি যুক্ত করার জন্য চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট মিলেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত