ইউরোপে পুতিনকে আগ্রাসনের লাগাম টানতে বললেন ট্রাম্প

তার বক্তব্যে ‘ইউরোপজুড়ে বিভিন্ন অঞ্চলে’ সামরিক আগ্রাসন বন্ধের বিষয়টি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরেও রাশিয়ার কর্মকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে। তবে পুতিনকে ঠিক কোন ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

ইউরোপের বিভিন্ন অঞ্চলে সামরিক আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। ট্রাম্পের আশা, এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। খবর রয়টার্সের। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনে আলোচনার সময় আমি তাঁকে বলেছি, ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ দেখতে চাই। আমার আশা, এর ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি হতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, এমন একটি সমঝোতা সম্ভব। প্রতি মাসে হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন। এটি এক ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতি।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার মাধ্যমে সমাধানের কথা ট্রাম্প প্রায়ই বলে আসছেন। তবে তার বক্তব্যে ‘ইউরোপজুড়ে বিভিন্ন অঞ্চলে’ সামরিক আগ্রাসন বন্ধের বিষয়টি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরেও রাশিয়ার কর্মকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে। তবে পুতিনকে ঠিক কোন ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময়ে মস্কোর বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে ইউরোপের কয়েকটি দেশ।

বৃহস্পতিবার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও বলেন, পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে তাঁর বিশ্বাস। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতা শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো ক্লাবে থ্যাংকসগিভিং ছুটি কাটানোর সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সমঝোতার পথে সবচেয়ে বড় সমস্যা হলো, দুই নেতা একে অপরকে সত্যিই ঘৃণা করেন।’

আগামী মাসে ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন অংশ নেবেন কি না, তা জানেন না বলেও জানান ট্রাম্প। তবে রুশ প্রেসিডেন্ট সম্মেলনে যোগ দিতে আগ্রহী হবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘সিদ্ধান্তটা যদি আমার হাতে থাকত, তাহলে আমি তাঁকে আমন্ত্রণ জানাতে চাইতাম।’

এদিকে বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত