নজরুলবর্ষ উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি সাহিত্যিক নিয়ে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় তিন দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করেন বগুডা-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক। কবি সম্মেলন উদযাপন পরিষদ এর আহবায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার প্রদান করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

উদ্বোধনী পরই বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্যুভেনীর এবং ২টি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহ এর ‘নিজস্ব দুঃখগুলো’ কাব্যগ্রন্থ‘র উন্মোচন করা হয়। কথসাহিত্যিক ও বাচিক শিল্পী মাহফুজ ফারুকের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোঃ আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২ এর কোম্পানী কমান্ডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মোঃ মাহমুদুল হাসান, জেলা বিএনপি’র সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ পরিচালক ছড়াকার ইমরুল ইউসুফ।

কবি সম্মেলনে অংশ নেয়া গদ্যকার রোকসানা কাজল বলেন, এই আয়োজনে অংশ নিতে পেরে খুব ভাল লাগছে। আগামীতে হয়তো এই লেখকদের মাঝ থেকে ভাল কিছু লেখক বের হয়ে আসবেন। যারা সারাদেশে সুনাম কুড়াবেন।

নাট্যকার ও গবেষক ড. মাহফুজ হেলালী বলেন, গতবারও এসেছিলাম। এবারও এসছি। আসলে আমাদের ভাবের, চিন্তা চেতনার বিনিময় হয়। আমাদের সাহিত্যিক অঙ্গন এখন একটি দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে পার হচ্ছি। আমাদের মানবিকতা, মূল্যবোধ, ইতিহাস, ঐতিহ্য কেমন জানি হারিয়ে যাচ্ছে। সেইটার দায় আমাদেরই। আমাদের লেখাগুলো সাধারণ পাঠকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। অন্যদেরকে এর সাথে জড়িত করতে হবে। এতে ব্যাপ্তীটা বাড়বে। শুধু কবিদের মাঝে লেখাগুলো না রেখে ছড়িয়ে দিতে হবে সাধারণের মাঝে।

কবি ইসলাম রফিক বলেন, আমাদের আয়োজন বরাবরই কবিদের নিয়ে। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ও লেখকদের আমরা মিলন ঘটায়। প্রতিবছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের এই আয়োজন হয়ে থাকে। আমরা কবি লেখকদের সম্মান জানাতে চাই। হয়তো সবাই বিখ্যাত হতে পারে না। তবে যারা লিখেন তাদেরকে সম্মান জানানো উচিত। কারণ অনেক সীমাবদ্ধতার মাঝেও লেখালেখি চালিয়ে যেতে হয় লেখকদের। কোন পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজের খেয়ে বনের মহিষ তাড়িয়ে বেড়ানোর মত কাজ করতে হয় লেখকদের। সমাজের, দেশের কল্যাণে কবি ও লেখকরা লেখালেখি করেন। তাই তাদের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন।

কবি সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক কালাম আজাদ বলেন, কবিরা হলেন বুদ্ধিজীবী শ্রেণির মানুষ। তাদের যথাযথ মূল্যায়ন হয় না বা আমরা করতে পারিনা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ ঘোষণা করেছেন। আমরা সেই বিষয়টি ধারণ করে এবারের তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে। কবি সম্মেলনের ২য় দিন বিকাল ৪টায় প্রতি বছরের মতো এবছরও ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬ প্রদান করা হবে এবং তৃতীয় দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজরিত গাবতলী উপজেলার বাগবাড়ি অবস্থিত জিয়াবাড়ি ও মমইন ইকো পার্ক পরিদর্শন করবেন কবিরা।

কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা, যেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি, পল্লী উন্নয়ন একাডেমি, শীতকালীন পিঠা পাওয়া যাচ্ছে। বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই বিক্রি করা হচ্ছে। পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন ও পিঠা। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কবিরা তাতে নেচে গেয়ে আনন্দ করেন।

কবি সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনসহ ছিলো ০১টি সেমিনার পর্ব ও ৩টি মুক্ত আলোচনা পর্ব এবং তিন পর্বে কবিতা ও ছড়া পাঠ। ছিলো কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও তার কবিতা আবৃত্তি।

সর্বশেষ সর্বাধিক পঠিত