আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে ভূষিত পাঁচ মসজিদ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ এএম

বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত পাঁচটি মসজিদ আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার অর্জন করেছে। সৌদি আরবভিত্তিক আবদুল লতিফ আল-ফাউজান মসজিদ স্থাপত্য পুরস্কারের পঞ্চম পর্বে বাংলাদেশ, যুক্তরাজ্য, ওমান, নাইজার ও ইন্দোনেশিয়ার পাঁচটি মসজিদকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সম্প্রতি সৌদি আরবের জাহরানে কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়। আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণ এবং সামাজিক সংযোগের সমন্বয়কে গুরুত্ব দিয়ে মসজিদগুলো নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশের আলফাডাঙ্গা মসজিদ : ফরিদপুরে অবস্থিত এই মসজিদের নকশা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। ইটের তৈরি মসজিদটিতে প্রাকৃতিক আলো প্রবেশের জন্য রাখা হয়েছে খোলা জায়গা ও জানালাসদৃশ ফাঁক। এর উন্মুক্ত নকশা আশপাশের সবুজ প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করেছে। মসজিদের সামনের চত্বরটি স্থানীয় মানুষের মিলনস্থল হিসেবেও ব্যবহারের উপযোগী।

যুক্তরাজ্যের কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ : মার্কস বারফিল্ড আর্কিটেক্টসের নকশায় নির্মিত এ মসজিদে ইসলামি ও ইংলিশ স্থাপত্যের ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশার সমন্বয় ঘটেছে। গাছের আদলে তৈরি কাঠের কাঠামো এর অন্যতম বৈশিষ্ট্য।

ওমানের বাবে সালাম মসজিদ : এই মসজিদের নকশায় ঐতিহ্যবাহী ওমানী স্থাপত্যের সরলতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। আল-তাকাদ্দুম অফিসের নকশায় তৈরি এ মসজিদে প্রাকৃতিক আলো, উন্মুক্ত পরিসর ও স্থানীয় নির্মাণসামগ্রীকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নাইজারের হিকমা কমিউনিটি কমপ্লেক্স : মারিয়াম ইসুফু আর্কিটেক্টস ও স্টুডিও চাহারের যৌথ নকশায় নির্মিত এই স্থাপনায় পরিবেশবান্ধব মাটির ইট ব্যবহার করা হয়েছে। ইবাদতের পাশাপাশি শিক্ষা ও সামাজিক যোগাযোগের সুযোগ তৈরিই এর অন্যতম উদ্দেশ্য।

ইন্দোনেশিয়ার নুরুল ইয়াকিন মসজিদ : এর নকশা করেছেন ডেভ অরল্যান্ডো ও ফুন্ডি গুনাওয়ান। চারপাশে পানি থাকায় মসজিদটিকে ভাসমান বলে মনে হয়। কংক্রিট ও ইটের তৈরি ভবনটিতে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত