টেকনাফ থেকে দ্বীনের আলো ছড়ানো ব্যক্তিত্ব

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

মুফতি কিফায়াতুল্লাহ শফিক। টেকনাফের খ্যাতনামা আলেম। ধর্মীয় শিক্ষা ও সমাজ গঠনে তার অবদান অতুলনীয়। দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চা ও দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করছেন। গড়ে তুলেছেন অসংখ্য আলেম ও দ্বীনের খাদেম। শিক্ষকতা, মাদ্রাসা পরিচালনা, লেখালেখি ও গবেষণায় রেখেছেন স্বতন্ত্র অবদান। পেয়েছেন দেশের বরেণ্য আলেমদের সান্নিধ্য ও ভালোবাসা। তার কর্মের পরিধি টেকনাফ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। প্রচারের চেয়ে কাজকেই তিনি বেশি গুরুত্ব দেন। তার জীবন ও কর্মের সঙ্গে জড়িয়ে আছে একটি জনপদের শিক্ষা, ধর্মীয় ঐতিহ্য এবং মানুষের কল্যাণে নিরলস পথচলার ইতিহাস।

ভৌগোলিক অবস্থানের কারণে টেকনাফের রয়েছে স্বতন্ত্র সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। সমুদ্র, পাহাড়, নদী ও সীমান্তের জীবনযাত্রার পাশাপাশি টেকনাফের ধর্মীয় পরিবেশও বেশ বৈচিত্র্যপূর্ণ। এই বৈচিত্র্যময় পরিবেশকে আরও দৃঢ় করেছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া। প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে ‘টেকনাফ বড় মাদ্রাসা’ নামেও পরিচিত।

১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা প্রায় আট দশকের বেশি সময় ধরে সমাজে কোরআন-হাদিসের শিক্ষা বিস্তার, ধর্মীয় জ্ঞানচর্চা এবং বিজ্ঞ আলেম তৈরিতে বিশাল ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের কওমি মাদ্রাসাশিক্ষার ইতিহাসে এক পরিচিত নাম। বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রধান পরিচালক ও শায়খুল হাদিস মুফতি কিফায়াতুল্লাহ শফিক। তার দক্ষ পরিচালনায় মাদ্রাসাটি টেকনাফের ধর্মীয় জীবন ও কওমি শিক্ষার ইতিহাসের অংশ হয়ে উঠেছে। ২০১৯ সাল মাদ্রাসায় ৭৫ সালা দস্তারবন্দি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য ইসলামি স্কলাররা উপস্থিত ছিলেন।

অসাধারণ প্রতিভার অধিকারী ও ওলামায়ে দেওবন্দের গৌরবোজ্জ্বল প্রতিচিত্র মুফতি কিফায়াতুল্লাহ শফিক। ১৯৬৯ সালে কক্সবাজার জেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। পিতা আল্লামা শফীক আহমদ (রহ.)। তিন ভাই ও পাঁচ বোনের সংসারে তিনি চতুর্থ সন্তান। পিতার তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা থেকে আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফে জামাতে হেদায়া পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৯১ সালে চট্টগ্রামের জামিয়া পটিয়া থেকে তাকমিল ফিল হাদিসে (মাস্টার্স) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রতিষ্ঠানে ১ম স্থান লাভ করেন এবং বিশেষ পুরস্কারে ভূষিত হন।

পটিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে বিষয়ভিত্তিক বিতর্কে নিজেকে তিনি অপ্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। জ্ঞানের গভীরতা ও উপস্থিত বুদ্ধির জবাবে প্রতিপক্ষকে ঘায়েল করে ফেলতেন মুহূর্তের মধ্যে। পটিয়া মাদ্রাসার তৎকালীন তাফসির বিভাগের প্রধান আল্লামা রফীক আহমদ (রহ.) বিতর্ক প্রতিযোগিতায় তার মেধা ও যুক্তিনির্ভর উপস্থাপনায় মুগ্ধ হয়ে সবার সামনে ঘোষণা করেন, ‘কিফায়াতুল্লাহ হলো রঈসুল মুনাজিরীন তথা যুক্তিরাজা।’ শিক্ষাপরবর্তী জীবনেও তার মেধার ঝলক অব্যাহত থাকে। ১৯৯০ সালে সৌদি আরবের মক্কাভিত্তিক আন্তর্জাতিক ইসলামি বেসরকারি ও দাতব্য সংস্থা রাবেতা আল-আলম আল-ইসলামির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক আরবি প্রবন্ধ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের অনন্য গৌরব লাভ করেন।

১৯৯২ সালে কক্সবাজারের পোকখালী আল-জামিয়াতুল ইমদাদিয়ায় শিক্ষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এখানে তিনি বিশিষ্ট বুজুর্গ আলেম মাওলানা হোসাইন আহমদ (রহ.)-এর বিশেষ সান্নিধ্য লাভ করেন। ১৯৯৫ সালে তিনি ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.)-এর সান্নিধ্যে থেকে ফতোয়া বিভাগে বিশেষ প্রশিক্ষণ নেন। পরে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা এবং ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় মুহাদ্দিস ও বিভাগীয় প্রধানের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি আধ্যাত্মিক সাধনায় মনোযোগ দেন। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এক বিশাল ওলামা সম্মেলনে খলিফায়ে হারদূয়ি ফকিহুল মিল্লাত (রহ.)-এর পক্ষ থেকে সম্মানজনক ‘খেলাফত’ লাভে ধন্য হন। ১৯৯৭ সালে পিতার ইন্তেকালের পর স্থানীয় মানুষের সম্মিলিত অনুরোধে তিনি আল-জামিয়া টেকনাফের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন। সেই থেকে তার যুগোপযোগী ও সুদক্ষ দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি কওমি শিক্ষার সর্বোচ্চ শিখরে আরোহণ করে।

মুফতি কিফায়াতুল্লাহ শফিকের বর্ণাঢ্য পরিচিতি কেবল একজন প্রাজ্ঞ শায়খুল হাদিস কিংবা সফল মুহতামিমের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বরং বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ অঞ্চলে অসংখ্য মসজিদ-মাদ্রাসা বিনির্মাণ ও পরিচালনা, আর্তমানবতার সেবা এবং ইসলামি তাহজিব-তমদ্দুনের বিকাশে তিনি নিজেকে রাহবার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। টেকনাফ-কক্সবাজারের বিভিন্ন এলাকায় তার প্রত্যক্ষ-পরোক্ষ চেষ্টায় গড়ে উঠেছে কয়েক ডজন মসজিদ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। তার ঐকান্তিক প্রচেষ্টায় কক্সবাজার শহরতলীর এক পশ্চাৎপদ জনপদ সমিতিপাড়ায় প্রতিষ্ঠিত হয় ‘ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার।’ এই প্রতিষ্ঠানটি কওমি শিক্ষাধারায় এক যুগান্তকারী ও আলোড়ন সৃষ্টিকারী বিদ্যাপীঠ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

দেশের বড় বড় আলেমদের সান্নিধ্য তিনি পেয়েছেন। বিশেষ করে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান (রহ.)-এর স্নেহ ও একনিষ্ঠ সান্নিধ্য তার জীবনে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। জীবনের পরতে পরতে তিনি হজরতের পরামর্শ ও দিকনির্দেশনা মেনে চলতেন, তার কথার বাইরে কখনো ছোট-বড় কোনো কাজেই পা বাড়াননি। এর সূচনা হয় পটিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে। এরপর দীর্ঘ কর্মজীবন বিশেষ করে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে শিক্ষকতাকালীন সরাসরি হজরতের সান্নিধ্য ও কর্মপদ্ধতি তাকে অত্যাধিক প্রভাবিত করে, যা তার পরবর্তী জীবনের কাজ-কর্মে অনেকটাই প্রতিফলিত হয়েছে। এ ছাড়া বড়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে তিনি জীবনের পাথেয় হিসেবে মনে করেন। খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ (রহ.) শৈশবে তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন। পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারি (রহ.)-এর অকাতর ভালোবাসাও তিনি লাভ করেছেন। টেকনাফ আল-জামিয়ার বার্ষিক সভার এক জনসমুদ্রে তিনি বলেছিলেন, ‘রোজ কেয়ামতে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আবদুল হালিম! তুমি দুনিয়া থেকে কী এনেছো? আমি উত্তর দেব, হে রব! আমার ছাত্র কিফায়াতুল্লাহকে তোমার দরবারে পেশ করছি।’

টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন মসজিদে তিনি অতিথি খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্ণাঢ্য কর্মজীবনে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, সরকার নিবন্ধিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ইত্তেহাদের সহসভাপতি, টেকনাফ পৌর ইমাম কমিটির সভাপতি, টেকনাফ উপজেলা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে তিনি যুক্ত।

শিক্ষকতা ও মাদ্রাসা পরিচালনাসহ বিভিন্ন দ্বীনি দায়িত্ব পালনের মাঝেই তিনি ওয়াজ-নসিহত ও দাওয়াতের ময়দানে কাজ শুরু করেন। অল্প কিছুদিনের মাঝেই তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় বক্তা হিসেবে সুপরিচিতি লাভ করেন। ধীরে ধীরে গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহর-বন্দরে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের দ্বারে দ্বারে মহান আল্লাহর দ্বীনকে পৌঁছে দেওয়ার এই মহান দায়িত্ব পালনে তিনি জাতীয় পর্যায়েও সফলতার স্বাক্ষর রাখেন। ফলে দক্ষিণ চট্টগ্রামের বড় বড় দ্বীনি মাহফিলগুলোতে তার সরব উপস্থিতি থাকে নিয়মিত। তার পিতা মাওলানা শফীক আহমদ (রহ.) শিরক ও বেদআতমুক্ত সমাজ বিনির্মাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। পিতার সুযোগ্য উত্তরসূরি হিসেবে সেই মহান আদর্শকে বুকে ধারণ করে তিনিও দ্বীনের এই দাওয়াতি পথে নিরলসভাবে এগিয়ে চলছেন।

লেখালেখি ও গবেষণার জগতেও তার বিচরণ ঈর্ষণীয়। গভীর তত্ত্বজ্ঞানী গবেষক ও লেখক হিসেবে সর্বমহলে তার ব্যাপক সমাদর রয়েছে। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তার সারগর্ভ প্রবন্ধ-নিবন্ধ। জ্ঞানচর্চা ও সমাজ সংস্কারের এই সুমহান ব্রত নিয়ে কক্সবাজার থেকে প্রকাশিত বহুল পঠিত পত্রিকা ‘দৈনিক সাগরদেশ’ এবং জাতীয় মাসিক ‘আল-আবরার’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার রচিত ও প্রকাশিত কিতাবসমূহের মধ্যে ‘নেকির পাহাড়’, ‘ইসলামী আক্বীদা’ এবং ‘মুআল্লিমুল লুগাতিল আরাবিয়া’ ( তথা ছোটদের আরবি শিক্ষা) বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি দুই খণ্ডে ৯২০ পৃষ্ঠায় প্রকাশিত তার অনবদ্য রচনা ‘মুআল্লিমুস সুন্নাহ’ সুধীমহলে ব্যাপক সাড়া ফেলেছে। দৈনন্দিন যাপিত জীবনের ইবাদত, মুআমালাত (লেনদেন) ও মুআশারাত (সামাজিক জীবনাচার) সংক্রান্ত যাবতীয় বিষয়াবলি প্রামাণ্য কোরআন ও হাদিসের রেফারেন্সসহ এই গ্রন্থে চমৎকারভাবে সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটি আলেম সমাজ, মসজিদের খতিব এবং সর্বস্তরের সাধারণ পাঠকের জন্য অত্যন্ত উপকারী ও অনন্য এক পাথেয় হবে বলে আশা করা যায়।

মুফতি কিফায়াতুল্লাহর শ্বশুর টেকনাফের শতবর্ষী প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া দারুস সুন্নাহ হ্নীলার প্রতিষ্ঠাতা শাহ আবুল মঞ্জুর ফকির (রহ.)। উখিয়া-টেকনাফের উন্নয়নের এই পরিবারের বিশেষ ভূমিকা রয়েছে।

দুই ছেলে ও আট মেয়ের জনক মুফতি কিফায়াতুল্লাহ দেশের প্রান্তিক জনপদের কেবল একজন আলেমই নন, তিনি একটি অঞ্চলের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য, নৈতিকতা ও মানুষের স্মৃতির ধারক। তার জীবনজুড়ে রয়েছে নিরলস জ্ঞানচর্চা, দ্বীনের খেদমত, মানুষের প্রতি ভালোবাসা এবং নীরবে সমাজ গড়ার গল্প।

প্রচারের আলোয় তিনি কখনো আসেননি, প্রচলিত রাজনীতিতেও জড়াননি, বড় কোনো পদ-পদবি কিংবা খ্যাতির পেছনেও ছোটেননি। জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন কোরআন-হাদিসের পাঠদান, মানুষকে দ্বীনের পথে আহ্বান এবং সমাজের নৈতিক ভিত্তি গড়ে তোলার কাজে। তার হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ দেশের নানা প্রান্তে ইমাম, খতিব, শিক্ষক ও দ্বীনের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু তাদের শুরুর দিনগুলোর পেছনে রয়েছে মুফতি কিফায়াতুল্লাহর স্নেহ, শাসন, শ্রম ও দিকনির্দেশনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত