সেজদায় বিনয়, প্রশান্তি ও শারীরিক উপকার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

সেজদা নামাজের গুরুত্বপূর্ণ অংশ। সেজদা মানে মহান আল্লাহর সামনে বান্দার বিনয়, আনুগত্য ও আত্মসমর্পণের প্রকাশ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে একজন মুসলিম বারবার সেজদা করেন। ইবাদতের এই বিশেষ অবস্থান আত্মিক প্রশান্তির পাশাপাশি শরীরের জন্যও ইতিবাচক প্রভাব বয়ে আনে।

সেজদার সময় মুসল্লি কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু ও দুই পায়ের আঙুল মাটিতে রাখেন। শরীরের এই অবস্থানকে ইসলামে সর্বোচ্চ বিনয়ের প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। দাঁড়ানো ও রুকুর পর সেজদায় যাওয়ার মাধ্যমে নামাজে শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়া ঘটে। এতে শরীরের নমনীয়তা ও অঙ্গপ্রত্যঙ্গের সক্রিয়তা বজায় রাখতেও সহায়তা হয়।

সেজদার সঙ্গে মস্তিষ্কের কার্যক্রমের সম্পর্ক নিয়ে গবেষণা হয়েছে। ২০১৯ সালে প্রকাশিত একটি গবেষণায় পাঁচজন নারী ও পুরুষের ওপর সেজদার প্রভাব পরীক্ষা করা হয়। গবেষকরা ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের সামনের অংশের কার্যক্রমে পরিবর্তন দেখতে পান। সেজদাকে অনেকে ‘আর্থিং’ বা মাটির সঙ্গে শরীরের সংযোগ স্থাপনের ধারণার সঙ্গেও তুলনা করেন। এ ধারণা অনুযায়ী, খালি

শরীরে মাটির সংস্পর্শ মানসিক প্রশান্তি ও সুস্থতায় ভূমিকা রাখতে পারে। তবে আর্থিংয়ের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে এখনো পর্যাপ্ত ও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

ইসলামে সেজদার মর্যাদা শারীরিক উপকারের আলোচনার চেয়েও অনেক গভীর। পবিত্র কোরআনের ৩২তম সুরার নাম সাজদাহ। কোরআনে সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের নির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বান্দা সেজদারত অবস্থায় তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী থাকে।

(সহিহ মুসলিম)

সুতরাং সেজদা মুসলিম জীবনে কেবল শারীরিক ভঙ্গি নয়। এটি ইবাদত, বিনয়, আত্মসমর্পণ ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। এর মাধ্যমে আত্মিক প্রশান্তি অর্জনের পাশাপাশি শরীরেরও ইতিবাচক উপকার হয়। তবে সেজদার মূল উদ্দেশ্য শারীরিক সুস্থতা অর্জন নয়, মহান আল্লাহর সন্তুষ্টি লাভ।

সর্বশেষ সর্বাধিক পঠিত