কেরানীগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ছক্কু মিয়া (৫৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছক্কু মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতালেববাগ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী জনি জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছক্কু মিয়া। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনর শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত