নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন জ্বলে ওঠার পরপরই তাকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনে পুলিশ সদস্যরা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজন যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত