মুন্সীগঞ্জে গোলাগুলি ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার দুইদিন পর নিখোঁজ আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার চৈতারচর গ্রাম সংলগ্ন মেঘনা শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর দালাল (৪০) চরডুমুরিয়া গ্রামের নান্নু দালালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে মো. সেলিম (৩৫) নামে একজন নিহত ও গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। ওইদিন সকাল ৯টায় গোলাগুলির সময় বাঁচতে মেঘনা শাখা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন আলমগীর দালাল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরীদল নিখোঁজ আলমগীরের সন্ধানে বৃহস্পতিবার দুপুর থেকে মেঘনা শাখা নদীতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরীদল। পরে শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মেঘনার ওই শাখা নদীতে মরদেহ ভেসেতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) ইমরান হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত