ডিএসইতে লেনদেন ও সূচকে ঊর্ধ্বগতি কমেছে বাজার মূলধন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেনের গতি ও প্রধান মূল্যসূচকে ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও সামগ্রিক বাজারচিত্র ছিল কিছুটা ভিন্ন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেন প্রায় ২০ শতাংশ বেড়েছে। পাশাপাশি প্রধান সূচকেও অল্প উত্থান হয়েছে। তবে কমেছে বাজার মূলধন এবং বেড়েছে দর হারানো প্রতিষ্ঠানের সংখ্যা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে। এর আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্ট। ফলে এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ২০ দশমিক ৭৪ পয়েন্ট, যা শতকরা হিসাবে শূন্য দশমিক ৩৮ শতাংশ।

সপ্তাহের পাঁচ কার্যদিবসের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, মোট ১১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ২২০টি প্রতিষ্ঠানের। ৪২টির দর ছিল অপরিবর্তিত এবং ৩০টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৯৬৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৮০৮ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৫৯ কোটি ৬৭ লাখ টাকা বা ১৯ দশমিক ৭৪ শতাংশ।

পাঁচ কার্যদিবস মিলিয়ে গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ কোটি ৯৫ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৪ হাজার ৪৩ কোটি ৬০ লাখ টাকা। একই সময়ে লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের সংখ্যা ১২২ কোটি ২৩ লাখ থেকে বেড়ে ১৫৩ কোটি ২৭ লাখে উন্নীত হয়েছে।

তবে লেনদেন ও সূচকের উন্নতির মধ্যেও বাজার মূলধনে নেতিবাচক চিত্র দেখা গেছে। সপ্তাহের শেষ দিনে ডিএসইর মোট বাজার মূলধন নেমে আসে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ দিনে এ মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন থেকে কমেছে ৩ হাজার ১০২ কোটি ৮৮ লাখ টাকা, যা শূন্য দশমিক ৪৬ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল বস্ত্র খাত। গত সপ্তাহে ডিএসইর মোট দৈনিক গড় লেনদেনের ২৩ দশমিক ৮৫ শতাংশ এসেছে এ খাত থেকে। প্রতিদিন গড়ে বস্ত্র খাতে লেনদেন হয়েছে ২৩০ কোটি ৯১ লাখ টাকা। আগের সপ্তাহের তুলনায় এ খাতে লেনদেনের পরিমাণ বেড়েছে ২৯ দশমিক ৭০ শতাংশ।

এদিকে সাপ্তাহিক রিটার্নের হিসাবে সবচেয়ে ভালো করেছে সিরামিক খাত। সপ্তাহজুড়ে এ খাতের রিটার্ন ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। ব্যাংক খাতে রিটার্ন এসেছে ২ দশমিক ৯৫ শতাংশ এবং বিবিধ খাতে ২ দশমিক ৬৭ শতাংশ। বিপরীতে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন ছিল পাট খাতে, যার পরিমাণ ৫ দশমিক ০৭ শতাংশ। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ঋণাত্মক রিটার্ন ছিল ৩ দশমিক ৩৮ শতাংশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত