ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
গতকাল শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে এসব কথা জানান কৃষিমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্ব এ অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, কৃষি সচিব মো. সেলিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর যেসব প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ভবদহের জলাবদ্ধতা নিরসন প্রকল্প তার অন্যতম।