বালতি রাখা নিয়ে বিরোধ, প্রাণ গেল ভাড়াটিয়ার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে বাথরুমে বালতি রাখা নিয়ে বিরোধের জেরে আরেক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডে আদর্শ স্কুলের পেছনে একটি বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের প্রতিবেশী মো. সাকিব জানান, তাঁরা ওই বাসায় ভাড়া থাকেন। আনোয়ার মিরপুরে বুটিকের কাজ করতেন। শনিবার রাতে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে আরেক ভাড়াটিয়া আরিফ হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের পিঠের বাঁ পাশে আঘাত করেন। পরে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামে। তাঁর বাবার নাম মাইনুর রহমান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের পিঠের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানা-পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত