মা-মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা, রক্তাক্ত উদ্ধার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

মুন্সীগঞ্জ শহরের উপক-ে বাস ভবনে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করার চেষ্টার ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় মা ইভা বেগম (৪০) ও তার মেয়ে রূপা আক্তারকে (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইভা বেগম ওই এলাকার ফ্রান্স প্রবাসী বাবুল বেপারীর স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাপ্পি (৩২) নামে এক যুবকের নাম উঠে এসেছে। ঘটনার পরপর ওই যুবক পালিয়ে যান। যুবক বাপ্পি জেলা সদরের বনিক্যপাড়া এলাকার হানিফ ঢালীর ছেলে ও ফ্রান্স প্রবাসী বাবুলের আপন ভাগ্নে। তবে কি কারণে মা-মেয়ে হত্যার চেষ্টা করা হয়েছে তা কেউ জানে না। আহত মা- মেয়েও এ নিয়ে মুখ খুলছে না।

স্থানীয়রা জানান, বাবুল বেপারী বিদেশে অবস্থান করায় তিনতলা ভবনের নিচতলা বসবাস করে আসছিলেন তার স্ত্রী ইভা ও মেয়ে রূপা। ওই রাতে ভবনের নিচতলা থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পেলে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে গেলে ভবনের কলাপসিবল গেট তালাবদ্ধ দেখতে পান। এ সময় ধারালো অস্ত্র হাতে এক যুবককে ভবনের সিঁড়ি বেয়ে উপড়ে উঠে ভবনের ছাদ দিয়ে পালিয়ে যেতে দেখেন তারা। পরে গলায় রক্তাক্ত অবস্থায় ইভা ও তার মেয়েকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢামেকে প্রেরন করেন কর্তব্যরত ডাক্তার।

স্থানীয়রা আরও জানান, পরে তারা জানতে পারেন পালিয়ে যাওয়া ওই যুবক প্রবাসী বাবুলের ভাগ্নে বাপ্পি। সে আগে থেকেই ওই ভবনের ভেতর ঢুকে বসেছিল। পরে মা-মেয়ের সঙ্গে কোনো কিছু নিয়ে বিরোধ দেখা দিলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রে মা-মেয়ের গলায় উপর্যুপরি আঘাত করে।  এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তসলিম উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হতে পারেনি পুলিশ। আহত অবস্থায় মা-মেয়েকে ঢামেকে নেওয়া হয়েছে। তারা এখনো ঘটনা সম্পর্কে কোনো কিছু বলছেন না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত