৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ফলপ্রত্যাশী প্রার্থীরা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, গত ২৬ নভেম্বর ফল প্রকাশের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের আলটিমেটাম দেন তারা। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে ফলপ্রত্যাশীরা বলেন, পিএসসি এক বছরে একটি বিসিএস শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী তারা আস্থা রেখেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষার পর দুই মাসেরও কম সময়ের মধ্যে এক হাজার নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়েছে। এতে অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে তারা পরীক্ষায় অংশ নিয়েছেন।
তারা আরও বলেন, ৪৫, ৪৬, ৪৭ ও ৪৮তম বিসিএসে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার এক থেকে দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরের দিকে শেষ হলেও ইতিমধ্যে দুই মাস পার হয়েছে। এ বিষয়ে পিএসসির কাছে সুনির্দিষ্ট বক্তব্য দাবি করেন তিনি।