ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে ‘হাফ পাস’ ভাড়া নিয়ে বাগ্বিত-ার জেরে তাকে ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের ড্রাইভার-হেলপারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে পরিবহনটির ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে রাখা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে নীলক্ষেতের গণতন্ত্র তোরণ দিয়ে বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়। এর আগে সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় এলাকায় বাসগুলো আটক করেন শিক্ষার্থীরা। পরে ঘটনার মীমাংসায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টরিয়াল টিম, শিক্ষার্থী প্রতিনিধি ও পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনায় মালিকপক্ষ দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাজিয়া আফরিন মেহা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৭৬২৬) ওঠেন। ওই রুটে আগে ৭০ টাকা ভাড়া নেওয়া হলেও বাসের সহকারী (হেলপার) তার কাছে ৯০ টাকা দাবি করেন।
ভাড়া বাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিনই অর্ধেক ভাড়া (হাফ পাস) কার্যকর থাকার নিয়ম অনুযায়ী তিনি স্টুডেন্ট কার্ড দেখান।
মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে কথা বলার একপর্যায়ে বাসের সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার ও চিৎকার-চেঁচামেচি শুরু করেন। বাসের চালকও জানান, তারা আর কোনো শিক্ষার্থীর হাফ ভাড়া নেবেন না। পরে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করলেও সহকারীর অসদাচরণ বন্ধ হয়নি। একপর্যায়ে মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন।
এ ঘটনার প্রতিবাদে বাস আটকের বিষয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহসান বলেন, শুক্রবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর তারা প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘ঠিকানা, নীলাচল ও রমজানসহ বেশ কয়েকটি পরিবহনে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় এলাকায় ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করা হয়।’
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিবাদের অংশ হিসেবে বাসগুলো আটক করা হলেও কোনো বাসের ক্ষতি করা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি প্রতিটি বাসে ভাড়ার নিয়মাবলি ও তালিকা দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখার বিষয়েও আলোচনা হয়েছে। পরবর্তী পর্যায়ে সরাসরি বাসের মূল মালিকদের ডেকে বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে।