মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ লুট

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

রাজধানীর ধানম-ির একটি শপিংমলের পূরবী জুয়েলার্সে অভিনব কৌশলে চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গহনা এবং ১০ থেকে ১২ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‌্যাংকস প্লাজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শপিংমলের চার নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্তের প্রয়োজনে গ্রেপ্তার আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গভীর রাতে অপরিচিত দুজনসহ তিন থেকে পাঁচজনের একটি দল মার্কেটে প্রবেশ করে। ফুটেজে পলাতক এক নিরাপত্তাকর্মীকে সরাসরি চোরচক্রের সদস্যদের দোকানে ঢুকতে সহায়তা করতে দেখা গেছে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদের ভাষ্যানুযায়ী, গভীর রাতে শপিংমলের নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে মোরগ পোলাও খাওয়ানো হয়। পরে তারা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে মূল্যবান গহনা ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, চুরি হওয়া স্বর্ণালঙ্কারের পরিমাণ প্রায় দুই হাজার ভরি। এ ছাড়া দোকানে থাকা ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে যায় চোরচক্র।

ঘটনার পর খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্র্রহ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশের ধারণা, এ ঘটনায় জুয়েলার্সের নিজস্ব কর্মী ও শপিংমলের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করার ঘটনায় তাদেরই কয়েকজন জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে শপিংমলের চার নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অন্যদিকে দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন।

পূরবী জুয়েলার্সের বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব কর্মী এবং বাকি দুজন শপিংমলের নিরাপত্তাকর্মী।

সর্বশেষ সর্বাধিক পঠিত