একই সমাজে বসবাসকারী দুই প্রজন্মের দুটি মেয়ের জীবন দর্শনের গল্প, একটা সময় গিয়ে তাদের চোখে দেখা জীবন ও বাস্তবতা মিলিত হয় এক বিন্দুতে। এমনই গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘কুহেলিকা’, যার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও সাফা কবির। এটি পরিচালনা করেছেন সামিউর রহমান। বহু বিজ্ঞাপন নির্মাণ করলেও এটি তার প্রথম ওয়েব কন্টেন্ট।
এরইমধ্যে উন্মুক্ত হয়েছে ছবিটির পোস্টার ও ট্রেলার যা দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। আগামীকাল ৭ এপ্রিল ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে এটি।

নির্মাতা সামিউর রহমান বলেন, ‘কুহেলিকা’ মিস্ট্রি থ্রিলার গল্প যেখানে দুই প্রজন্মের দুটি মেয়ে জীবনকে ভিন্নভাবে দেখে। একজন নব্বই দশকের এবং অন্যজন এই প্রজন্মের। এখানে থেকে শুরু হলেও গল্প গিয়ে অন্যদিকে ঘুরে যাবে যেটা দর্শক দেখলেই বুঝতেই পারবেন। ট্রেলারে সবকিছু বুঝাতে চাইনি আমি তারপরও অনেকেই প্রশংসা করছেন। মুক্তি পাবার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়।
তিনি আরও বলেন, এটি আমার প্রথম ওয়েব সিনেমা, নিজের চেষ্টার কমতি ছিলো না। বিশেষ করে আমার টিমের কথা বলতে হয়, তারা ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছেন যার কারণে সুন্দরভাবে কাজটি শেষটি করতে পেরেছি। তাছাড়া এখানে যারা কাজ করেছেন প্রত্যেকটা অভিনয়শিল্পীই অনেক গুরুত্বপূর্ণ, তারাও কাজটি করতে অনেক সহযোগিতা করেছেন।
অর্ষা-সাফা ছাড়াও এতে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, আবু হুরায়রা তানভীর, প্রমুখ।