আফগানিস্তানে ক্ষমতায় আসার পর নারী অধিকারের প্রতি সম্মান জানানো হবে বলে জানিয়েছে তালেবান। তালেবান এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বিবৃতিতে জানান, যোদ্ধারা নারীর অধিকারের প্রতি সম্মান জানাবে।
মাত্র ১০ দিনে আফগানিস্তান দখল করে নেয়া তালেবানরা নারী অধিকারের প্রতি কতটা সহমর্মী হবে তা নিয়ে উদ্বেগ দেখা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এর আগে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিল তালেবানরা। তখন তারা নারীর স্কুলে যাওয়া বন্ধ রাখে।
তবে রবিবার কাবুল দখলের পর ওই মুখপাত্র বলেন, নারীরা ঘরের বাইরে যেতে পারবে এবং কাজ ও শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।
তবে তালেবান নিয়ন্ত্রণাধীন কয়েকটি প্রদেশে কর্মরত নারীদের চাকরিচ্যুত করার খবর পাওয়া যায়। এ ছাড়া নারীদের একা বের হতে না দেওয়া এবং বোরকা পরতে বাধ্য করার খবরও পাওয়া গেছে বলে বিবিসি জানায়।
ওই মুখপাত্র তার বিবৃতিতে বলেন, সংবাদমাধ্যম বাধাহীনভাবে তাদের সমালোচনা করতে পারবে।
রবিবার তলেবানরা কাবুল দখল করার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়।
খবর: বিবিসি।
