ঈদের দিন আজ বুধবার মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা পাড়ি দিয়ে অনেকে বাড়ি ফিরছেন; সাথে ফিরছে অবিক্রিত পশুবাহী ট্রাক।
পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভেড়া ফেরিগুলোতে দক্ষিণাঞ্চলমুখী বহু যাত্রীদের পারাপার হতে দেখা যাচ্ছে।
আজ যারা বাড়ি যাচ্ছেন তারা ঈদের ভিড় এড়ানোর জন্য আজকের দিনটিকে বেছে নিয়েছেন।
পাটুরিয়া থেকে আসা প্রতিটি ফেরিতে মানুষের সঙ্গে কোরবানির পশুবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের ভিড় দেখা যায়।
তবে অপরপ্রান্ত দৌলতদিয়া ঘাটের চিত্র অন্য রকম। এখানে ঢাকামুখী তেমন কোনো যাত্রী নেই। নেই স্বাভাবিক দিনের কোনো ব্যস্ততা।
আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক ফাঁকা। ফেরির জন্য অপেক্ষায় থাকা কোনো যানবাহন নেই, নেই যানবাহনের দীর্ঘ সারি। পাটুরিয়া থেকে ফেরি ভরে এলেও দৌলতদিয়া থেকে অল্প কিছু যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছে।
যানবাহন না থাকায় কিছু ফেরিকে র্যাম তুলে দিয়ে বসে থাকতে দেখা গেছে।
এদিকে দৌলতদিয়া ঘাট ফাঁকা পেয়ে অনেকে ঘুরতে এসেছেন।
এ সময় কথা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা আরাফাত হোসেনের সাথে তিনি দেশ রূপান্তরকে বলেন, ঈদের আগে ঘাটগুলোতে প্রচণ্ড ভিড় হয়, আর বর্তমান অবস্থা বেশি ভালো না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের নামাজ পড়ে গ্রামের বাড়ি যাবো। তাই আজকে রওনা দিলাম।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) ঘাট ইনচার্জ শিহাব উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, অনেকেই ভিড় এড়াতে ঈদের দিন ও ঈদের পরদিন রওনা দিয়ে থাকে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যাত্রী ও পশুবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন দৌলতদিয়া ঘাট দিয়ে পারাপার হচ্ছে।
