খুলনার দুই হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এইসময়ে কারও মৃত্যু হয়নি।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন। যার মধ্যে রেড জোনে ৫৬ জন, ইয়েলো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার নাহিদ সুলতানা (৪২)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪ জন রোগী ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন, তার মধ্যে ১১ জন পুরুষ, আর ১৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- বাগেরহাট চিতলমারীর শাহীদা এলাকার নূরজাহান (৫৫)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮ জন। আইসিইউতে রয়েছেন ৪ জন। গতকাল ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গতকাল শনিবার (৭ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার একশ’, বাগেরহাটের ৩৪, যশোরের দুইজন, সাতক্ষীরা ও নড়াইলের একজনের করোনা পজিটিভ আসে।
