দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন বলেছেন, ‘বাজেটের সময় আমি একটা বিষয় উপলব্ধি করি। আমাদের দেশে যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ—বাজেটের সময়ে তাদের অংশগ্রহণ, বক্তব্য এবং মূল্যায়ন সব জায়গায় গুরুত্ব পায়। গবেষকরাও চান তাদের মতামত মিডিয়ায় আসুক, সব জায়গায় প্রতিফলিত হোক। বাজেট বা অর্থনীতির বিষয়টা সঠিকভাবে মানুষের কাছে আসুক।’
বুধবার (২১ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তরের সেমিনার কক্ষে দেশ রূপান্তর-ইউনিয়ন ব্যাংকের ‘কেমন বাজেট পেলাম’ শীর্ষক গোলটেবিল বৈঠকের শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তফা মামুন বলেন, ‘চার বছর আগে দেশ রূপান্তর যাত্রা শুরু করে। যাত্রার পর থেকে আমরা সাধারণ মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করি। মানুষও মনে করে আমরা তাদের পক্ষে কথা বলি। আমরা যেমন উন্নয়নের পক্ষে কথা বলি,তেমনি দুর্নীতির কাহিনিও তুলে ধরি। আমরা মনে করি, সব মতের প্রতিফলন ঘটুক। প্রান্তিক জনগোষ্ঠীর মতামত প্রতিফলিত হওয়া উচিত।’
এ সময় তিনি প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠান সঞ্চালনার জন্য দেশ রূপান্তরের বিজনেস ডেস্কের প্রধান আলতাফ মাসুদকে অনুরোধ জানান।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন।
আরও উপস্থিত রয়েছেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক ড. ফেরদৌসী বেগম,বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার প্রমুখ।
আরও পড়ুন:
