গরুর মাংসের ৩ পদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০১:০৮ এএম

গরুর মাংস নানাভাবে রেঁধে রেসিপি দিয়েছেন হাসিনা আক্তার কলি

মঙ্গোলিয়ান বিফ

উপকরণ

গরু মাংস ছোট করে কাটা ১ কেজি, কর্নফ্লাওয়ার আধা কাপ।

সসের জন্য : তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, সয়াসস আধা কাপ, ভিনেগার আধা কাপ, পানি আধা কাপ, ব্রাউন সুগার আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিলি ফ্লেকস ১ টেবিল চামচ, স্প্রিং অনিয়ন কুচি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ পানিতে গুলিয়ে রাখুন।

২. গরুর মাংসের সঙ্গে কর্নফ্লাওয়ার ভালোমতো মিশিয়ে নিন।

৩. কড়াইতে তেল গরম করে মাংস ভাজুন।

৪. ফ্রাইপ্যানে বেশি আঁচে তেল গরম করে রসুন ও আদা কুচি দিয়ে দিন। ১০ সেকেন্ড টস করে তারপর সয়াসস, ভিনেগার, পানি দিয়ে নেড়ে সস ঘন করে নিন।

৫. এর মধ্যে ব্রাউন সুগার ও কর্নফ্লাওয়ার দিয়ে দিন।

৬. গরুর মাংস ঢেলে রান্না করুন কিছুক্ষণ।

৭. নামানোর আগে স্প্রিং অনিয়ন দিয়ে নামিয়ে নিন।

নারকেল দুধে গরুর মাংসের দো-পেঁয়াজা

উপকরণ

গরুর মাংস দেড় কেজি, সয়াবিন তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, এলাচ ৬টি, দারুচিনি ৪ টুকরো, আস্ত গোলমরিচ ৮টি, আদা ১ টেবিল চামচ, রসুন ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়ো ১ চা চামচ, হলুদ বাটা দেড় চা চামচ, মরিচ বাটা ৩ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ দেড় চা চামচ, নারকেল দুধ দেড় কাপ, বেরেস্তা ১ কাপ, তেঁতুল গোলা ১ চা চামচ, চিনি গোলা ১ চা চামচ, লেবু গোল গোল করে কাটা ১টি, জিরা ভাজা ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে এলাচ, দারুচিনি, আস্ত গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরাগুঁড়ো, হলুদ বাটা, মরিচ বাটা, চিনি ও লবণ দিয়ে মসলা কষিয়ে নিন।

২. মসলা কষানো হলে গরুর মাংস, টক দই দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ২০ মিনিট রান্না করুন।

৩. ঢাকনা তুলে নারকেল দুধ, বেরেস্তা, তেঁতুল পানি দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট রান্না করুন।

৪. নামানোর আগে বেরেস্তা, জিরাগুঁড়ো ও লেবু দিয়ে নাড়াচাড়া করে মাখামাখা হলে নামিয়ে পরিবেশন নিন।

কালিজিরা গরুর মাংস

উপকরণ

গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, মরিচের গুঁড়ো ৩ টেবিল চামচ, হলুদের গুঁড়ো ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আস্ত গরম মসলা (এলাচ, লবঙ্গ, দারুচিনি টুকরো, তেজপাতা) ৪টি, কালিজিরা ১ টেবিল চামচ, লবণ দেড় চা চামচ, তেল ১ কাপ, পানি ১ লিটার, আস্ত কাঁচা মরিচ ৬টি।

যেভাবে তৈরি করবেন

১. হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিসহ সব বাটা মসলা, গরম মসলা ও লবণ দিয়ে কষিয়ে নিন।

২. এরপর গরুর মাংস দিয়ে আবারও কষান।

৩. পরিমাণমতো পানি দিয়ে ঢেকে মাখামাখা করে রান্না করুন।

৪. অন্য পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি, বেরেস্তা ও কালিজিরা ফোড়ন দিন।

৫. এটা রান্না করা মাংসে ঢেলে ১০ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত