প্রাণের সৃষ্টি রহস্য সমাধানে বিজ্ঞানীদের রোমাঞ্চকর অভিযাত্রা (৫ম পর্ব)

পূর্ণাঙ্গ প্রাণকোষ সৃষ্টির প্রচেষ্টায় বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০১:৫৮ পিএম

২০০০-এর প্রথম দশকের প্রথমদিকে প্রাণের প্রথম পথ চলা কীভাবে শুরু হয় এই বিষয়ে প্রধানত দুটো তত্ত্ব প্রচলিত ছিল। আরএনএ ঘরানার বিজ্ঞানীরা মনে করতেন প্রাণের যাত্রা শুরু হয়েছিল নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন অণুজীব থেকে। ইতিমধ্যে যেসব বিজ্ঞানী ‘বিপাক ক্রিয়া’ প্রথমে শুরু হয়েছিল বলে মনে করতেন তারা গভীর সমুদ্রতলে আগ্নেয়গিরির জ্বালামুখে গরম তরল প্রবাহে কীভাবে প্রাণের উৎপত্তি হয়েছিল তার বিশদ বিবরণ হাজির করলেন। যাইহোক, চলমান এই বিতর্কের মধ্যেই সামনে হাজির হয় তৃতীয় আরেকটি মতবাদ।

আমরা জানি পৃথিবীতে জীবন্ত সব প্রাণই কোষ দিয়ে গঠিত। প্রতিটি কোষই মূলত নরম তুলতুলে ছিদ্রযুক্ত গোলাকার বস্তু যার চারপাশ শক্ত পর্দার আবরণে ঘেরা। কোষের মৌলিক বৈশিষ্ট্য হল কোষ প্রাণের সব প্রয়োজনীয় উপাদান একত্রে ধরে রাখে। যদি কোষের দেয়াল কোনো কারণে জীর্ণ হয়ে ধ্বসে যায় তাহলে কোষের মূল উপাদান বেরিয়ে পড়ে এবং কোষের মৃত্যু ঘটে। ঠিক যেমন, যদি কোনো মানুষের উদর থেকে নাড়ীভুঁড়ি কেটে ফেলে দেওয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সে আর বেশিক্ষণ বাঁচবে না।

কোষের বাইরের আবরণ এতোটাই প্রয়োজনীয় যে প্রাণের উৎস সন্ধানী কিছু গবেষক যুক্তি দেখালেন যে, কোষ সৃষ্টির আগেই কোষের বাইরের আবরণ সৃষ্টি হয়েছে। তারা মনে করতেন ‘বংশগতিই প্রথম’ এবং ‘বিপাক ক্রিয়াই প্রথম’ এই দুটি তত্ত্ব বিভ্রান্তিকর। তাদের বিকল্প মতবাদটি ছিল প্রাণের উৎপত্তিতে ‘কোষের কাঠামো গঠন প্রথম’ ঘটনা। এই মতবাদের পুরোধা ব্যক্তি হলেন ইটালির রোমে অবস্থিত রোমা ট্রি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়েরে লুইগি লুইজি।

লুইজির মতবাদের স্বপক্ষে যুক্তি ছিলো যথেষ্ট সহজ সরল এবং এর বিপক্ষে বিতর্ক করাও কঠিন। কারণ ‘বিপাক ক্রিয়া’ বা ‘নিজের পুনরুৎপাদনে সক্ষম আরএনএ’ যেভাবেই প্রাণের যাত্রা শুরু হোক না কেন তার জন্য দরকার প্রচুর রাসায়নিকের একজায়গায় জড়ো হওয়া, যার জন্য আবার সবার আগে দরকার পড়ে একটি কনটেইনার বা ধারকের।

এই যুক্তি অনুযায়ী তাহলে প্রাণের যাত্রা শুরু হওয়ার একটাই মাত্র উপায় আছে, সেটা হল, যেকোনোভাবে আদি পৃথিবীর উত্তপ্ত ঘূর্ণিঝড়ের মধ্যেও প্রাণ সৃষ্টির কিছু কাঁচামাল একত্রিত হয়ে অবিকশিত কোষ বা প্রাথমিক কোষের জন্ম হওয়া। কিন্তু এখন চ্যালেঞ্জ হল এই তত্ত্ব প্রমাণ করতে হলে ল্যাবরেটরিতে একটা সরল এককোষী প্রাণ সৃষ্টি করে দেখাতে হবে।

লুইজি তার সব চিন্তার যোগসূত্র খুঁজে পেলেন আলেক্সান্ডার ওপারিনের কাছে এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রাণের সৃষ্টি রহস্য উদঘাটনে পরিচালিত গবেষণার শুরুর দিকে। আলেক্সান্ডার ওপারিনের গবেষণার বিষয় ইতিমধ্যে আলোচিত হয়েছে। ওপারিন গুরুত্বের সাথে দেখিয়েছিলেন কিছু রাসায়নিক জড়ো হচ্ছে থকথকে জেলি সদৃশ বস্তু বা কোয়াসারভেটের মধ্যে; যা এর কেন্দ্রে আরো কিছু বস্তু ধারণ করতে পারে। তিনি দাবী করেন কোয়াসারভেটগুলোই আসলে প্রাণকোষের প্রথম নমুনা।

যেকোনো চর্বিযুক্ত বা তৈলাক্ত বস্তু পানিতে এমন থকথকে জেলি সদৃশ বস্তু সৃষ্টি করে। আর এইসব রাসায়নিক উপাদান একসাথে লিপিড নামে পরিচিত। আর এভাবেই প্রাণের যাত্রা শুরু হয়েছিলো। এই মতবাদকে নাম দেওয়া হয় ‘লিপিড ঘরানা’।

কিন্তু শুধু এই থকথকে জেলি সদৃশ বস্তু (Blob or Film) বা কোয়াসারভেট সৃষ্টি করলেই সব সমাধান হয়ে গেল এমন নয় বিষয়টা। সেগুলোকে স্থিতিশীল থাকতে হবে এবং বিভাজিত হয়ে নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারতে হবে। এবং তাদের ভেতরে কী কী উপাদান পরিবাহিত হচ্ছে তার উপর নিয়ন্ত্রণ থাকতে হবে। এতকিছু করতে হবে, কিন্তু বর্তমানে একটা কোষ যে পরিণত প্রোটিন ব্যবহার করে তা ছাড়াই।

সঠিক উপাদান সহ গবেষণাগারে প্রাণকোষের সেই প্রাথমিক নমুনা সৃষ্টি করা খুবই কঠিন কাজ। কয়েক দশক ধরে বিভিন্ন বস্তু ব্যবহার করেও লুইজি এমনকিছু বানাতে পারলেন না যা দিয়ে প্রাণ-সদৃশ কিছু উপস্থাপন করা যায়।

এরপরে ১৯৯৪ সালে লুইজি এক সাহসী প্রস্তাবনা রাখলেন। তিনি বললেন, আদি প্রাণকোষে অবশ্যই আরএনএ থাকতে হবে। তিনি আরও দাবী করেন, এই আরএনএ নিজের প্রতিরূপ সৃষ্টি করতেও সক্ষম ছিল। লুইজির প্রস্তাবনা বিজ্ঞানে অনেক বড় গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিলো। লুইজির প্রস্তাবিত গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমলে নিলে প্রাণের উৎপত্তিতে ‘কোষের কাঠামো গঠন হয়েছে প্রথমে’ এই তত্ত্বকে বাতিল করে দিতে হয়। তবে লুইজির কাছে উপযুক্ত যুক্তিও ছিল।

ভেতরে জীন ছাড়া শুধু চার পাশের আবরণ সমেত একটি কোষ খুব বেশী কিছু করতে পারে না। সেই কোষ হয়তো বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করতে পারবে কিন্তু তার নিজের বংশগতির কোনো তথ্য-উপাত্ত পরবর্তী কোষের মাঝে সঞ্চারিত করতে পারবে না। প্রাণকোষ কেবল তখনি বিবর্তিত হতে শুরু করবে এবং ক্রমাগত জটিলতর হয়ে উঠতে পারবে যখন কোষের ভেতরে জীন থাকবে।

এই তত্ত্ব খুব দ্রুত জ্যাক সোসটাকের সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। আমরা ইতিমধ্যে সোসটাকের আরএনএ নিয়ে গবেষণা তুলে ধরেছি। যখন লুইজি ছিলেন ‘কোষের কাঠামো গঠন হয়েছে প্রথমে’ তত্ত্বের প্রথম দিককার সমর্থক ঠিক তখন সোসটাক সমর্থন করতেন জীনতত্ত্বকে।

সোসটাক বলেন, ‘আমরা প্রাণের সৃষ্টি রহস্য উন্মোচনের গবেষণায় বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছি এবং এই দীর্ঘ বিতর্ক নিয়ে আলোচনা করেছি, কোনটা বেশী গুরুত্বপূর্ণ বা কোনটা আগে শুরু হয়েছে। এক পর্যায়ে আমরা বুঝতে পারলাম আদি কোষে দুটোরই উপস্থিতি ছিলো। আমরা সম্মত হলাম যে, প্রাণ সৃষ্টির জন্য কোষের কাঠামো গঠন এবং বংশগতি দুটোই একসঙ্গে সৃষ্টি হওয়া দরকার।‘

২০০১ সালে সোসটাক এবং লুইজি তাদের তত্ত্বের আরো সমন্বয় করলেন। বিখ্যাত বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার’-এ তারা এ বিষয়ে একটি লেখাও লিখলেন। সেখানে তারা বললেন, আদি প্রাণকোষ হয়তো এর ভেতরে নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম এমন আরএনএ সহই সৃষ্টি হয়েছিলো।

তাদের এই তত্ত্ব প্রাণের উৎস গবেষণার ক্ষেত্রে ছিলো একটি যুগান্তকারী ধারণা। সোসটাক শিগগিরই সিদ্ধান্ত নিলেন এই তত্ত্বের পক্ষে প্রমাণ যোগাড়ের জন্য গবেষণায় অর্থ বিনিয়োগ করবেন। কারণ এমন একটা তত্ত্বের সমর্থনে অবশ্যই প্রমাণ দরকার। তিনি সিদ্ধান্ত নিলেন প্রাথমিক কোষ নিয়ে গবেষণা শুরু করবেন।

এর দুই বছর পর সোসটাক এবং তার দুই সহকর্মী গবেষণায় একটি বড় সাফল্যের ঘোষণা দেন।

সোসটাক এবং তার গবেষক-দল কোষের ভেসিকল (কোষের তরল ধারক) নিয়ে গবেষণা করছিলেন। ভেসিকল দেখতে অনেকটা সর্পিল ঘন তরলের আকার যার গভীরে এবং বাইরের আবরণে দুটো ফ্যাটি অ্যাসিডের স্তর আছে। ভেসিকলের উৎপাদন ত্বরান্বিত করার উপায় খুঁজতে গিয়ে সোসটাকের গবেষক-দল অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের জটিল যৌগের কাদার মত দেখতে থকথকে একটা বস্তুকে (Montmorillonite) বিক্রিয়ার কাজে লাগিয়ে দিলেন। এই যৌগের মিশ্রণ যোগ করার পরেই ভেসিকলের উৎপাদন ১০০ গুণ দ্রুততর হয়ে গেল। কাদার মত বস্তুর পৃষ্ঠতল ভেসিকল উৎপাদনে অনুঘটকের কাজ করে, ঠিক যেমনটা এনজাইম করে থাকে।

এ ছাড়াও, ভেসিকল এলুমিনিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের জটিল যৌগের কাদার (Montmorillonite) কণা এবং কাদার পৃষ্ঠতল থেকে আরএনএ সূতা গ্রহণ করতে পারে। এইসব আদি কোষের নমুনা এখন বহন করছে জীন এবং অনুঘটক। আর এতকিছু ঘটে যাচ্ছে একটা সরল কাঠামোর মধ্যে।

প্রাণের উৎপত্তি গবেষণায় অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের জটিল যৌগের কাদা (Montmorillonite) প্রয়োগের সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করেই নেওয়া হয়নি। কয়েক দশক ধরে চলমান গবেষণায় দেখা যাচ্ছিলো যে, প্রাণ সৃষ্টিতে এই যৌগ হয়ত খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলো।

অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের এই যৌগ (Montmorillonite) একটি সহজলভ্য দ্রব্য। এখনকার সময়ে আমাদের ব্যবহার্য নিত্যদিনের জিনিসপত্রে এটা হরহামেশা ব্যবহৃত হয়, এমনকি বিড়ালের বিছানা বানাতেও এটার ব্যবহার দেখা যায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত ছাইয়ের ধুলা পৃথিবীর আবহাওয়াতে ভেঙ্গে-মিশে এই যৌগ সৃষ্টি হয়। যেহেতু পৃথিবীর শৈশবে অনেক আগ্নেয়গিরি ছিল সেহেতু অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের যৌগ প্রচুর পরিমাণে ছিলো।

ফিরে যাই ১৯৮৬ সালে, তখন আমেরিকান রসায়নবিদ জেমস ফেরিস দেখালেন অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের যৌগ আসলে এমন একটি অনুঘটক, যা জৈব-কণা সৃষ্টিতে সাহায্য করে। আরও পরে তিনি আবিষ্কার করেন অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের যৌগ আরএনএ সৃষ্টিতেও ভূমিকা রাখে। এই থেকে জেমস ফেরিস ধারণা করেন গড়পড়তা দেখতে কাদার মত এই যৌগটি আসলে প্রথম প্রাণ সৃষ্টির স্থান।

জ্যাক সোসটাক ফেরিসের এই ধারণা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন এবং অ্যালুমিনিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের যৌগ ব্যবহার করে আদি কোষের নমুনা সৃষ্টি করতে কাজে লেগে গেলেন। এক বছর পরে সোসটাকের গবেষক-দল প্রমাণ করতে সক্ষম হন যে, প্রথমদিকের কোষ নিজের মতো করেই স্বয়ংক্রিয়ভাবে বেড়ে উঠতে পারে। এমনকি আদি-কোষে আরএনএ সংরক্ষিত থাকে এবং সময়ের হাত ধরে কোষের দেয়ালের বাইরের দিকটা অতি সংবেদনশীল হয়ে পড়ে। মনে হয় যেন আদি-কোষ একটা ফুলে ওঠা পাকস্থলী এবং যেকোনো সময় সশব্দে ফেটে পড়বে। ফেটে পড়া রোধ করতে গিয়ে কোষ অধিকমাত্রায় ফ্যাটি অ্যাসিড গ্রহণ করে এবং তাদের সমন্বয়ে নিজের দেয়ালকে আরও মজবুত করে তোলে, ফলে কোষ আরো ফুলে আকারে আরো বড় হয় এবং ফেটে পড়ার আশংকা দূর হয়।

এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আদি-কোষ যেসব কোষের আরএনএ কম তাদের থেকে ফ্যাটি অ্যাসিড গ্রহণ করে, ফলে সেই কোষগুলো সংকুচিত হয়ে পড়ে। তার মানে এ থেকে বোঝা যায় আদি-কোষগুলো প্রতিযোগিতায় লিপ্ত ছিল এবং যে কোষের আরএনএ বেশী স্বাভাবিকভাবে সে কোষটিই জিতে যায়। এই অনুসিদ্ধান্ত আরও বিস্ময়কর কিছুর দিকে ইঙ্গিত করে। যদি আদি-কোষ বেড়ে উঠতে পারে তাহলে সেটা বিভাজিতও হতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে নিজের প্রতিরূপ কোষও সৃষ্টি করতে পারে। তবে কি সোসটাকের গবেষণালব্ধ প্রাথমিক কোষ নিজের প্রতিরূপ বানাতে পারবে?

সোসটাকের প্রথম পরীক্ষায় দেখানো হয়েছে কীভাবে আদি-কোষ বিভাজিত হয়। আদি-কোষকে যদি ছোট ছিদ্র পথে ঢুকিয়ে দুমড়ে মুচড়ে টিউবের ভেতর দিয়ে প্রসারিত করে চালিত করা হয় তাহলে তা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হয়। কিন্তু এভাবে কৃত্রিম চাপ প্রয়োগ করার পরই শুধু সোসটাকের তৈরি আদি কোষের নমুনা নিজের প্রতিরূপ বানাতে পারে, যা কোনো ভালো সমাধান নয়।

তবে, এই সৃষ্টি প্রক্রিয়া একেবারে নির্ভেজাল, কারণ এখানে কোনো যান্ত্রিক ক্রিয়াকর্ম জড়িত নাই। এখানে শুধু চাপ প্রয়োগ হয়েছে। কিন্তু এটা কোনো সমাধান নয়। কারণ এই প্রক্রিয়ায় আদি কোষ তার নিজস্ব কিছু উপাদান হারায়। এছাড়াও এই পরীক্ষায় দেখা গেল সোসটাকের তৈরি আদি-কোষ শুধু তখনই বিভাজিত হতে পারে যখন ছোট ছিদ্রপথে বল প্রয়োগে প্রবেশ করানো হয়।

ভেসিকলকে বিভাজিত করার আরো উপায় আছে। যেমন কোষকে পানির প্রবল স্রোতে যুক্ত করা যাতে প্রচুর শক্তির সৃষ্টি হয়। এই কৌশল অবলম্বন করা হয় আদি-কোষের অভ্যন্তরীণ উপাদান বের হতে না দিয়ে কোষকে বিভাজিত করার জন্য।

অবশেষে ২০০৯ সালে জ্যাক সোসটাক এবং তার সহযোগী ছাত্র টিং ঝু একটা সমাধান বের করতে সক্ষম হন। তারা সামান্য একটু জটিল আদি-কোষ সৃষ্টি করলেন যার চতুর্দিকে একাধিক দেয়াল, যেন অনেকটা পেয়াজের মত। তবে গঠনে জটিলতা থাকলেও সহজেই তাদেরকে সৃষ্টি করা সম্ভব।

টিং ঝু যখন আদি-কোষের সাথে আরও বেশী ফ্যাটি অ্যাসিড যোগ করলেন তখন আদি-কোষের আকার পরিবর্তিত হয়ে গেল, সূতার মত দেখতে প্রান্তগুলো আরও লম্বা হয়ে গেল। আদি-কোষের আকার যথেষ্ট লম্বা হয়ে গেলে অল্প চাপেই তা বিভাজিত হয়ে কয়েক ডজন ছোট ছোট আদি-কোষে রূপান্তরিত হতে সক্ষম। নতুন সৃষ্ট কোষগুলোর প্রতিটিতেই আরএনএ রয়েছে। একটিতেও আরএনএ হারিয়ে গেল না বরং প্রতিটি ক্ষুদ্র আদি-কোষ তার পিতৃ-কোষ থেকে আসা আরএনএ’র প্রতিরূপ বহন করতে লাগল। তাছাড়া, আদি-কোষ নতুন কোষ সৃষ্টির প্রক্রিয়া পৌনঃপুনিকভাবে চালিয়ে যেতে পারলো। নতুন সৃষ্ট কোষগুলোও বেড়ে উঠলো এবং বিভাজিত হতে শুরু করলো। ফলে আরো নতুন কোষ সৃষ্টি হতে লাগলো।

পরবর্তী পরীক্ষায় ঝু এবং সোসটাক আদি-কোষ ভেঙে নতুন কোষ জন্ম দেয়ার আরো ভিন্ন ভিন্ন উপায় খুঁজে বের করতে পেরেছিলেন। গবেষণার এই পর্যায়ে মনে হচ্ছিল অবশেষে সমস্যার বুঝি সমাধান পাওয়া গেল। প্রাণের উৎপত্তির রহস্য বুঝি উদঘাটিত হতে চলেছে।

কিন্তু তাদের সৃষ্ট আদি-কোষ যথেষ্ট কার্যকরী ছিল না। লুইজি ভেবেছিলেন, আদি-কোষ আরএনএ প্রতিরূপ সৃষ্টির ক্ষেত্র হিসেবে কাজ করবে। কিন্তু যতদূর বোঝা যায় তাদের সৃষ্ট আদি-কোষে আরএনএ শুধু অলস বসে থাকা ছাড়া আর কোনো কাজ করে না।

তাদের সৃষ্ট এই আদি-কোষের মতো কোষ থেকেই পৃথিবীতে প্রথম প্রাণের বিকাশ হয়েছে সেটা প্রমাণ করতে গেলে সোসটাককে দেখাতে হবে সেই কোষের ভেতরে থাকা আরএনএও নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। কিন্তু তা প্রমাণ করে দেখানো এত সহজ নয়। কারণ দশকব্যাপী পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরেও কোনো বিজ্ঞানী এমন কোনো আরএনএ সৃষ্টি করে দেখাতে পারেননি যা নিজেই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। এই সমস্যার কারণেই প্রাণ বিকাশে আরএনএ তত্ত্ব ঘরানার গবেষণার কাজ প্রথমদিকে ব্যাহত হচ্ছিল এবং তখন পর্যন্ত কেউ এই সমস্যার সমাধান বের করতে পারেননি। এমনকি সোসটাক নিজেও চেষ্টা করেছিলেন তেমন আরএনএ তৈরি করতে কিন্তু পারেন নি।

সুতরাং সোসটাক লেসলি ওরগেলের গবেষণার ফলাফল ও তার লিখিত কাগজপত্র পুনরায় পড়তে শুরু করলেন। আমরা জানি লেসলি ওরগেল দীর্ঘদিন আরএনএ তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন। পুরনো ধুলো পড়া কাগজের মধ্যেই লুকিয়ে ছিল প্রাণের উৎস গবেষণার গুরুত্বপূর্ণ তথ্যসূত্র।

ওরগেল ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত আরএনএ’র সূতার মত প্রান্তগুলো কীভাবে নিজের প্রতিরূপ সৃষ্টি করে সেই গবেষণায় নিয়োজিত ছিলেন। ওরগেলের গবেষণার সারাংশ ছিল খুবই সহজ সরল এবং সাধারণ। একটি আরএনএ’র সূতা এবং একতাড়া আলগা নিউক্লিওটাইড তুলে নাও। এরপর নিউক্লিওটাইডগুলো ব্যবহার করে আরেকটি আরএনএ সূতা জড়ো কর। যা প্রথম আরএনএ’র পরিপূরক হিসেবে কাজ করবে। উদাহরণস্বরূপ, ধরি একটা আরএনএ’র সূতার প্রান্তে ‘CGC’ লিখিত আছে, যা থেকে উৎপাদিত হবে অনুরূপ আরেকটা সূতার মত প্রান্ত; যেটাতে লেখা থাকবে ‘GCG’। এই প্রক্রিয়াটা দুবার চালালেই মূল ‘CGC’ এর প্রতিরূপ পাওয়া যাবে।

ওরগেল বুঝতে পারলেন যে, কোনো অনুকূল পরিবেশে আরএনএ’র সূতা এই প্রক্রিয়ায় এনজাইমের সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। সম্ভবত এভাবেই প্রথম প্রাণ নিজের জীনের প্রতিরূপ তৈরি করত।

১৯৮৭ সালে ওরগেল ১৪ নিউক্লিওটাইড লম্বা আরএনএ সূতা এবং অনুরূপ ১৪ নিউক্লিওটাইড লম্বা পরিপুরক আরএনএ সূতাও সৃষ্টি করতে সক্ষম হলেন। তিনি এর থেকে বেশী লম্বা আরএনএ বানাতে পারেননি। কিন্তু সোসটাকের চিন্তাকে আলোড়িত করার জন্য তা যথেষ্ট ছিল।

সোসটাকের ছাত্রী ক্যাটারজিনা আদি কোষেও একই বিক্রিয়া চালাতে চাইলেন। কিন্তু তারা দেখলেন এর জন্য দরকার ম্যাগনেসিয়াম। যা একটি বড় সমস্যা। কারণ, ম্যাগনেসিয়াম আদি কোষকে ধ্বংস করে ফেলে।

সব সমস্যারই সমাধান আছে। এবং এই সমস্যার সমাধানে ব্যবহার করা হল সাইট্রাইট। যা লেবু, কমলা জাতীয় ফলে থাকা সাইট্রিক অ্যাসিডের মতোই। প্রতিটি জীবন্ত কোষেই উল্লেখযোগ্য মাত্রায় সাইট্রিক অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। ২০১৩ সালে প্রকাশিত একটা গবেষণা নিবন্ধে গবেষক-দল উল্লেখ করেন তারা বিক্রিয়ার সময় সাইট্রাইট যুক্ত করে দেন ফলে বিক্রিয়াতে অংশগ্রহণ থেকে ম্যাগনেসিয়ামকে বিরত রাখা সম্ভব হয়। এতে আদি-কোষ ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এবং কোষের প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়া নির্বিঘ্নে চলতে থাকে।

অন্যভাবে বলতে গেলে, এই গবেষক-দল ১৯৯৪ সালে ইতালিয়ান বিজ্ঞানী পিয়ের লুইগি লুইজির প্রস্তাবিত তত্ত্বকেই পরীক্ষার মাধ্যমে বাস্তবায়ন করলেন। জ্যাক সোসটাক বলেন, ‘আমরা কোষের ফ্যাটি অ্যাসিড ভেসিকলের ভেতরে আরএনএ’র অবিকল প্রতিরূপ সৃষ্টির রাসায়নিক বিক্রিয়া শুরু করালাম।‘

এভাবে মাত্র এক দশকের বেশী কিছু সময়ের গবেষণায় জ্যাক সোসটাকের গবেষক-দল প্রাণের উৎস সন্ধানে যুগান্তকারী অর্জন সম্পন্ন করে ফেললেন।

তারা এমন কিছু আদি-কোষের নমুনা সৃষ্টি করতে সক্ষম হলেন, যারা নিজেদের জীন বহন করে এবং বাইরে থেকে প্রয়োজনীয় মলিকিউল সংগ্রহ করতে পারে। এই আদি-কোষ নিজেরাই নিজেদের বৃদ্ধি এবং বিভাজন করতে পারে এমনকি নিজেদের মাঝে প্রতিযোগিতাও পর্যন্ত করতে পারে। আর কোষের ভেতরে চলতে থাকে আরএনএ’র অবিকল প্রতিরূপ সৃষ্টির অবিরাম কর্মযজ্ঞও। যেকোনো বিচারেই তারা ছিলো প্রাণের মতোই।

তারা টিকেও থাকতে পারে। ২০০৮ সালে সোসটাকের গবেষক-দল আরেক পরীক্ষায় জানতে পারলেন, তাদের সৃষ্ট এই আদি-কোষ প্রায় ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও দিব্যি টিকে থাকতে পারে। অথচ এই পরিমাণ উচ্চ তাপমাত্রায় বর্তমান সময়ের বেশীরভাগ কোষই নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে সোসটাকের ধারণা আরও জোরালো হয় যে, তাদের সৃষ্ট আদি-কোষের সাথে প্রথম প্রাণের যথেষ্ট সাদৃশ্য আছে। এর থেকে আরও প্রমাণিত হয় অবিরাম চলতে থাকা উল্কা পতনের প্রভাবে সৃষ্ট গরমেও আদি-কোষ বহাল তবিয়তে টিকে ছিল।

আরমিন মুলকিদজানিয়ান বলেন, ‘সোসটাক এক মহা কাজ করে ফেলেছেন।‘

কিন্তু তবুও সোসটাকের গবেষণার ফলাফল প্রায় ৪০ বছর ধরে চলমান প্রাণের উৎস গবেষণার বিপরীতে চলে গেল। ‘নিজেই নিজের প্রতিরূপ জন্ম দেওয়ার সক্ষমতা প্রথমে’ বা ‘কোষের খোলস বা কাঠামো গঠন হয়েছে প্রথমে’ এই দুই তত্ত্বের কোনো একটিকে প্রাধান্য না দিয়ে এই দুই মতবাদের সমন্বয় সাধন করে তিনি বলতে চাইলেন এই দুই প্রক্রিয়া সমান-তালে একসাথে চলছিল।

দুই মতবাদের সমন্বয় করার এই প্রচেষ্টা প্রাণের উৎস গবেষণায় আরো নতুন সমন্বিত প্রস্তাবনার দ্বার উন্মুক্ত করে দেয়। নতুন এই তত্ত্বে প্রাণ সৃষ্টির সংশ্লিষ্ট সব কর্মকাণ্ড এক সঙ্গেই শুরু হয়েছিলো বলে প্রস্তাব রাখা হয়। এই ‘সবকিছুই প্রথমে’ ধারণা ইতিমধ্যে যোগাড় করে ফেলেছে তথ্য-প্রমাণের বিশাল জ্ঞান সম্পদ। এবং তা হয়তো প্রাণের উৎপত্তি নিয়ে চলমান গবেষণার সব বিতর্কের সম্ভাব্য সমাধান দিতে পারবে।

(বিবিসি আর্থ-এ প্রকাশিত মাইকেল মার্শাল এর লেখা ’The secret of how life on earth began’ অবলম্বনে এই লেখা)

শেষ পর্বে পড়ুন- তাত্ত্বিক মহা সমন্বয়: আদি প্রাণকোষের সমস্ত মৌলিক উপাদান একসঙ্গেই সৃষ্টি হয়েছিল

আরও পড়ুন...

প্রাণের উৎসের সন্ধানে সমুদ্রের তলদেশে অভিযান (৪র্থ পর্ব)

প্রাণের সৃষ্টি রহস্য সমাধানে বিজ্ঞানীদের রোমাঞ্চকর অভিযাত্রা (৩য় পর্ব)

প্রাণের সৃষ্টি রহস্য সমাধানে বিজ্ঞানীদের রোমাঞ্চকর অভিযাত্রা (২য় পর্ব)

প্রাণের সৃষ্টি রহস্য সমাধানে বিজ্ঞানীদের রোমাঞ্চকর অভিযাত্রার গল্প (১ম পর্ব)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত