করোনামুক্ত হলেন মাশরাফী

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৯:৫০ পিএম

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মঙ্গলবার করোনামুক্তির খবর জানিয়েছেন নিজেই। তবে মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমির ফের করোনা পজিটিভ এসেছে।

গত ২০ জুন মাশরাফীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর ১০ দিন পর দ্বিতীয়বার পরীক্ষা করালে ফের ফল পজিটিভ আসে। তবে আক্রান্ত হওয়ার ২৪ দিনের মাথায় করোনা থেকে মুক্তির স্বস্তির খবর দিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী।

মঙ্গলবার ফেইসবুকে নিজের করোনামুক্ত হওয়ার খবর জানিয়ে মাশরাফী লিখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।’

‘আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

স্ত্রী সুমনা হক সুমির করোনা পরীক্ষার ফল আবারো পজিটিভ আসার কথা জানিয়ে মাশরাফী লিখেন, ‘শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনো পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

আক্রান্তদের জন্য মাশরাফীর পরামর্শ, ‘বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন।’

একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বার্তা দেন মাশরাফী, ‘সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

মাশরাফীর করোনা আক্রান্ত হওয়ার তিন দিন পর তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজারও করোনা পজিটিভ এসেছিল। মঙ্গলবার তারও পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। নিজের ফেইসবুকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত