৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি মঞ্জুর

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৬:১৬ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের চাওয়ার প্রেক্ষিতে তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস।

গত রবিবার ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে সাকিব বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে’ এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তৈরি নন তিনি। আপাতত ব্রেক নিতে চান।

ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে তার এ ব্যাপারে আলাপ হয়েছে বলেও জানান সাকিব। তবে অফিশিয়ালভাবে সাকিব বিসিবিকে কিছু জানায়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কিছু জানতেন না।

সাকিবের এই ভাবনা প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যমে বলা তার কথায়। একটা সিরিজের আগে হুট করে তার এই বিশ্রাম চাওয়া নিয়ে অনেক তোলপাড় হয়েছে গেল দুই দিন।

জালাল ইউনুসের সঙ্গে যখন কথা হয় সাকিবের, তখন তাকে ভাবার জন্য দুই দিন সময় দেওয়া হয়েছিল। সাকিবই জানিয়েছিলেন এ কথা।

এদিন জালাল ইউনুস বললেন, ‘দুই দিন সময় দেওয়ার পর আজকে তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। যেহেতু দুই দিন সময় হয়ে গেছে। আমি জানতে চেয়েছিলাম যে তোমার প্ল্যানটা বল। সে বলেছে, খেলার জন্য আমি এখনো মনে করি মেন্টালি ও ফিজিক্যালি আনফিট। এ জন্য সে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাচ্ছে না।’

সাকিবের সিদ্ধান্ত জানার পর বোর্ড সভাপতি ও পরিচালকদের সঙ্গে বৈঠকে বসে ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘নিজেরা চিন্তা ভাবনা করে, সাকিবের নিজের চাওয়ার কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে বলছে আনফিট। তাকে বিশ্রাম দেওয়া দরকার। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত আমরা তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার জন্য সম্মতি জানিয়েছি।’

তারিখটা ৩০ এপ্রিল পর্যন্ত কিভাবে নির্ধারণ করা হলো সেটাও জানিয়েছেন জালাল ইউনুস। তার কথায়, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজটা এপ্রিলের ১৪-১৫ তারিখ পর্যন্ত (১২ এপ্রিল পর্যন্ত)। যেহেতু দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে, আমরা এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত তাকে পুরোপুরি বিশ্রাম নিতে বলেছি।’

যোগ করেন, ‘আপনারা জানেন, সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা মনে করেছি তার আরো সার্ভিসের দরকার আছে আমাদের। একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সামনে।’

‘যেহেতু বারবার কমপ্লিট রেস্ট নেওয়ার কথা বলেছে, সেই দিক বিবেচনা করে আমরা তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছি। আর রেস্ট যখন অবশ্যেই তো সে খেলা থেকে রেস্ট চেয়েছে। সে কোন খেলা খেলবে কি খেলবে না সেটা আমরা চিন্তা করিনি।’

আরো পড়ুন

মনে হয় না আমার পক্ষে এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব: সাকিব

প্যাসেঞ্জার হিসেবে জাতীয় দলে থাকতে চাই না: সাকিব

তাহলে সাকিব আইপিএলে খেলতে চাচ্ছিল কেন: পাপন

আমি মোটেও বিচলিত নই: সাকিব ইস্যুতে পাপন

যথেষ্ট হয়েছে, এখন ফুল স্টপের সময়: সাকিব ইস্যুতে সুজন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত