অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপ ভারতে সরাসরি সম্প্রচারের অফিশিয়াল ঘোষণা এসেছে। আসন্ন এই মহাযজ্ঞের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় মিডিয়া জায়ান্ট ‘জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড।
টেলিভিশন পর্দায় খেলা দেখানোর জন্য জি গ্রুপ তাদের নতুন চারটি স্পোর্টস চ্যানেল ব্যবহার করবে। অন্যদিকে অনলাইন ও মোবাইলে খেলাগুলো সরাসরি লাইভ-স্ট্রিমিং করা যাবে জি ফাইভ অ্যাপ ও ওয়েবসাইটে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। খেলা শুরু হতে যখন দুই সপ্তাহেরও কম সময় বাকি, ঠিক তখনই এই বড় চুক্তিটি সম্পন্ন হলো। এবারের আসরটি হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট, যেখানে ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ খেলা হবে।
আনুষ্ঠানিকভাবে এই চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা না হলেও, বিভিন্ন সূত্র জানাচ্ছে যে চুক্তিটি প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩২০ কোটি রুপি) মধ্যে সম্পন্ন হয়েছে।
ফিফা শুরুতে ভারতের বাজারের জন্য এই স্বত্বের মূল্য নির্ধারণ করেছিল প্রায় ১০০ মিলিয়ন ডলার। তবে বেশিরভাগ ম্যাচ ভারতের সময় অনুযায়ী মধ্যরাতের পর অনুষ্ঠিত হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা কম হওয়ার আশঙ্কায় বড় বড় মিডিয়া গ্রুপগুলো শুরুতে খুব একটা আগ্রহ দেখায়নি।
পরবর্তীতে ফিফা তাদের দাম কমিয়ে ৩৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনে। উল্লেখ্য, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার 'সনি' এবার এই দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল। অন্যদিকে ২০২২ সালের কাতার বিশ্বকাপ দেখানো রিলায়েন্সের মালিকানাধীন 'জিওস্টার' এই স্বত্বের জন্য মাত্র ২০ মিলিয়ন ডলার বিড করেছিল। সেই সুযোগেই বাজিমাত করলো জি নেটওয়ার্ক।
