চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে ৬৭ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১ জুন) বারইয়ারহাট আল নূর হাসপাতালের সামনে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসময় প্রাইভেটকারটির চালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা। আটককৃত বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামানো হয়। এ সময় ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ নম্বরের গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেটিকে আটক করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৬৭ হাজার ইয়াবার বড় একটি চালান আটক করা হয়েছে। ইয়াবাগুলো গাড়ির পেছনের অংশে বিশেষভাবে লুকানো ছিলো। সাতটি প্যাকেটের প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস করে ইয়াবা ছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি একটি বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
