মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৪ জুন ঈদের ছুটি শেষ হবে। ৫ ও ৬ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বিদ্যালয় খুলবে ৭ জুন। এরই মধ্যে দীর্ঘ কর্মজীবন শেষ করে অবসরে যান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক। কিন্তু কর্মজীবনের শেষ দিনে তার থেকে জোর করে চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, গত রবিবার বিনয় কৃষ্ণ বসাক বিদ্যালয়ে গেলে সেখানে আগে থেকে উপস্থিত ধর্মীয় শিক্ষক শহীদুল ইসলাম, সুবাস পাল, হাবিবুর রহমান সংগ্রাম, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষক তাকে দায়িত্ব ও চাবি বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দেন এবং বলপ্রয়োগ করে চাবি ছিনিয়ে নেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক জানান, ‘শেষ সময়ে এমনটা আশা করিনি। কয়েকজন শিক্ষক চাপ দিয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে সে সময় দেওয়া হয়নি।’ এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শহীদুল ইসলামের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যাায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বিদ্যালয়ের দায়িত্ব হস্তান্তর এবং আইন অনুযায়ী যোগ্য শিক্ষককেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও তিনি জানান।
