ডাকসুর সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন

আপডেট : ০২ জুন ২০২৬, ০৭:৫৯ এএম

ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতা-কর্মী। গতকাল সোমবার সকাল ৮টার দিকে ডাকসু ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি সম্বলিত একটি লিখিত বক্তব্য প্রচার করা হয়।

লিখিত বক্তব্যে ছাত্রলীগের পক্ষ থেকে সারাদেশে সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃত কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নতুন করে গ্রেপ্তার দেখানো বন্ধের দাবি জানানো হয়। কর্মসূচিতে দেশজুড়ে হামের প্রকোপ ও শিশু মৃত্যুর প্রসঙ্গ তুলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে তার ফাঁসির দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. ইসরাফিল প্রাং বলেন, এটা ঝটিকা একটা কর্মসূচি ছিল। এসব করে নিষিদ্ধ সংগঠনটি বোঝাচ্ছে যে, তারা মাঠে আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বসছি। পুলিশকেও জানানো হয়েছে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত