বাংলাদেশ ডাক বিভাগ হঠাৎ বিভিন্ন সেবার মাশুল বৃদ্ধি করায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। ডাকটিকিটের মাশুল যে হারে বৃদ্ধি হয়েছে তাতে জনগণ ডাকঘরের পরিবর্তে প্রাইভেট কুরিয়ার সার্ভিস ব্যবহারের দিকে ঝুঁকছে। শুধু ডাকটিকিট নয়, খাম, পোস্ট কার্ড, একপ্রেস মেইল, পার্সেল ইত্যাদির মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে।
গত ৩ জুন ২০১৮ থেকে নতুন মাশুল কার্যকর করার পর স্বল্প সময়ে বিদেশে পণ্য পাঠানোর এক্সপ্রেস মেইল সার্ভিসের (ইএমএস) মাশুল প্রায় ৮০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। আগে যুক্তরাষ্ট্রে ২০ গ্রাম পণ্য পাঠাতে খরচ লাগত ৬০০ টাকা আর এখন নতুন হারে ২ হাজার ৫০০ টাকা। আগে যেখানে নিউজিল্যান্ডে ২০ গ্রাম পণ্য পাঠাতে ৮০০ টাকা লাগত আর এখন লাগে ৩ হাজার ২০০ টাকা। সৌদি আরবে ১ কেজি ওজনের একটি পার্সেল পাঠাতে খরচ লাগত ১ হাজার টাকা। এখন লাগে ২ হাজার টাকা ৫০০ টাকা। আধুনিক ডাক ব্যবস্থার স্বার্থেই মাশুল পুনর্বিবেচনা করা উচিত, তাতে ভোক্তাস্বার্থও রক্ষা হবে। বিষয়টি ডাক মন্ত্রণালয় বিবেচনা করবে বলে আশা রাখি।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা।
