সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিমাদের বিবৃতিতে চিন্তিত হওয়ার কিছু নেই

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৩:২৮ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর বিবৃতিতে আমরা চিন্তিত নই। এটা তাদের বোঝার সমস্যা। এটা তথ্যের ঘাটতি হতে পারে। বোঝাবুঝির অভাব ও ইনফরমেশন গ্যাপ থাকার কারণে এমন বিবৃতি এসেছে। তবে ভবিষ্যতে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিতীয়বারের মতো প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকরা নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী  বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যর সঙ্গে যেমন গভীর সম্পর্ক গড়তে চাই, তেমনি পূর্ব ও পশ্চিমে যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক বাড়াব। আমরা চাই, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশকে আরও ভালোভাবে বুঝুক।’

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘২০১৭ সালের আগস্ট মাস থেকেই আমরা রোহিঙ্গা সংকট নিয়ে ব্যস্ত ছিলাম। তবে অস্বীকার করার উপায় নেই যে, রোহিঙ্গা প্রত্যাবাসন চূড়ান্ত হওয়ার পর থেমে যায়। আর এরপর নির্বাচন এসে পড়ার কারণে তিন-চার সপ্তাহ রোহিঙ্গা নিয়ে তেমন অগ্রগতি হয়নি। এটা নিয়ে আমরা কাজ শুরু করব।’

গত পাঁচ বছরের সাফল্য তুলে ধরে শাহরিয়ার আলম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ১০টি চ্যান্সারি ভবন তৈরির কাজ চলছে। ভবনগুলো খুবই সুন্দর হবে। এরই মধ্যেই দিল্লি, নিউ ইয়র্ক, জাপান প্রভৃতি দেশের অনেক সুন্দর চ্যান্সারি ভবন তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এই মন্ত্রণালয়ের লিডার এই মন্তব্য করে তিনি বলেন, ‘তার নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিদেশিদের মধ্যে একটি আস্থার জায়গা তৈরি করতে পেরেছি। অতীতে নির্বাচনের আগে সরকারের ওপর সন্দেহ করে যে কর্মকান্ড করা হতো এবারে সেগুলো আমরা দেখিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর যেভাবে মন্তব্য করা হয়েছিল সেটি এবারে কম। এবার আমাদের বন্ধু রাষ্ট্রগুলো এটি বুঝেশুনে করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত