নতুন প্রধানমন্ত্রীর প্রথম কার্যদিবস

দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে লড়াই চলবে

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০২:০৩ এএম

নতুন সরকারের প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এর অর্জন সমুন্নত রাখতে দুর্নীতিবিরোধী লড়াই অব্যাহত থাকবে। তিনি দুর্নীতির পাশাপাশি সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলের ক্ষেত্রেও সরকারের দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী প্রথমেই তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গতকাল রবিবার টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে সশস্ত্র বাহিনীর কার্যালয়ে ও পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন। সশস্ত্র বাহিনীর কার্যালয় থেকে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, কোনো  দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকার দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ সচেষ্ট থাকবে। দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করা সরকারের দায়িত্ব। আমাদের সরকার সে চেষ্টা চালিয়ে যাবে। আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকবে যাতে দুর্নীতি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং সাফল্য মøান করে না দেয়।

তিনি বলেন, আগে দেশে টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটত। কিন্তু সরকার টেন্ডারবাজির অবসান ঘটিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে টেন্ডার আহ্বানের ফলে আমরা দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে পেরেছি। প্রযুক্তির বদৌলতে এই সাফল্য এসেছে এবং এটা ডিজিটাল বাংলাদেশের একটা ভালো ফল।

বাংলাদেশে সংবাদ সংস্থা বাসস জানায়, গতকাল সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিখা অনির্বাণের বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত শেখ হাসিনা পরে শিখা অনির্বাণ চত্বরে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে পৌঁছলে সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল মো. নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান তাকে স্বাগত জানান।

পুষ্পার্ঘ্য অর্পণের পর নতুন মেয়াদে দায়িত্ব পালনে এদিনই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে তার প্রথম অফিস করেন। শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছলে তাকে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত