তরুণদের নিজের দেশের সৌন্দর্য দেখার তাগিদ দিলেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০২:৫৬ এএম

তরুণদের নিজের দেশের সৌন্দর্য দেখার তাগিদ দিয়ে নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশকে আমরা যত বেশি জানব ততই আমাদের দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ বাড়বে। তাহলে আমরা নিজেরা যেমন এগিয়ে যেতে পারব, দেশকেও এগিয়ে নিতে পারব।

গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে তিন দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যারা সত্যিকারের আলোকচিত্রী তারা এ বিষয়ে অনেক কলাকৌশল জানেন। কিন্তু কিছু মানুষ আছে যারা শখের বসে ছবি তোলে। আমি তাদের মতো ছবি তুলতে ভালোবাসি। মানুষ ছবির মাধ্যমে সময়কে ধরে রাখার চেষ্টা করে। ছবি তোলার মাধ্যমে অনেক অনেক ব্যক্তি অমর হয়ে আছেন। এর মাধ্যমে ইতিহাসের বিশেষ ঘটনাকে উপলব্ধি করা যায়। ছবি তোলার মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ইতিবাচক এ সৃষ্টি দেখার মাধ্যমে মাদক, জঙ্গিবাদ দূর হয়ে যাবে।

‘ভ্রমণ ও সুস্থ সংস্কৃতি চর্চায় দূর হবে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের আগ্রাসন’ সেøাগানকে সামনে রেখে আলোকচিত্র সাংবাদিক আহমেদ পিপুল, আলোকচিত্র শিল্পী ও বিশ্বপর্যটক তানভীর অপুর আলোকচিত্র ‘দেশ-বিদেশ’ নামে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

পাখি বিশেষজ্ঞ ও আলোকচিত্রী ইনাম আল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

ফরিদা ইয়াসমিন বলেন, মানুষকে জানার একটি মাধ্যম আলোকচিত্র। এগুলো দেখার মাধ্যমে বিভিন্ন দেশ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।

সভাপতির বক্তব্যে ইনাম আল হক বলেন, অনেক সময় অনেক জিনিস আমাদের চোখ এড়িয়ে যায়। কিন্তু আলোকচিত্রীরা তা মানুষের চোখের সামনে নিয়ে আসে। আশা করি, এ প্রদর্শনী উপভোগ্য হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত