কসবা সীমান্তে ৩১ রোহিঙ্গাকে ‘পুশইনের’ চেষ্টা বিজিবি সতর্ক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০২:৩৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  এ ঘটনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।  এ নিয়ে ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। 

স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত ৮টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।  এ ঘটনা টের পেয়ে তৎক্ষণাৎ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে বিজিবি।  এর পর ওই সীমান্তে টহলও জোরদার করা হয়।  গ্রামবাসীও সতর্ক অবস্থান নেয়।  রোহিঙ্গাদের পাঠাতে ব্যর্থ হয়ে বিএসএফ তাদের সীমান্তের এক শ’ গজ ভেতরে খোলা আকাশের নিচে বসিয়ে রাখে।  গতকাল শনিবার সারা দিনই তাদের সেখানে বসে থাকতে দেখা গেছে। 

২৫ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শফিক বলেন, ‘আমরা মনে করি সীমান্তে শূন্যরেখায় অবস্থানকারীরা ভারতীয় নাগরিক। পতাকা বৈঠকের পর তাদের সম্পর্কে জানা যাবে।’ তবে গতকাল সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর দেশ রূপান্তরকে জানান, গত শুক্রবার রাত থেকে কাজিয়াতলী সীমান্তের ২০২৯/৩/এস পিলারের সামনে দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ।  বর্তমানে তারা দুদেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও গ্রামবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত