কোটালীপাড়ায় শিশুর লাশ, মা নানা রিমান্ডে

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০১:৩৪ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট এলাকার একটি পুকুর থেকে এক মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত রবিবার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় তার মা ও নানাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক জানান, গত রবিবার বিকেলে এক ব্যক্তি তাকে ফোন করে জানান, ওয়াপদারহাটে শান্তি কুটিরের পাশের বাড়িতে এক মাসের একটি ছেলেশিশু হারিয়ে গেছে। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান। ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় এক মাস বয়সের শিশু অ্যান্ড্রু সিমিয়ন মিত্রের মা মনীষা অধিকারীর (২০) কথাবার্তায় তার সন্দেহ হয়। সে সময় ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের লোকজন বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির বাবা, ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী লিংকন মিত্র বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় তার স্ত্রী মনীষা অধিকারী (২০) ও শ্বশুর অবকাশ অধিকারীকে (৫০) গ্রেপ্তার করে আজ সোমবার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ওসি কামরুল ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে জা ও ভাসুরকে ফাঁসাতে গিয়ে মনীষা এ ঘটনা ঘটিয়েছেন। তিনি আরও জানান, আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত