ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক মেলা উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

১০০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি সম্ভব পাঁচ বছরে

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:১৯ এএম

ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক মেলা উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

২০২৪ সালে ১০০ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করা সম্ভব হবে। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮১ দশমিক ২৩ শতাংশ আসে তৈরি পোশাক থেকে। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ সময় তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ বিলিয়ন ডলার।

গতকাল বুধবার ‘১৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি এসব কথা বলেন। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজক সংস্থা সেমস গ্লোবাল ও চায়নার সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেক্সের যৌথ উদ্যোগে আয়োজন হয়েছে চারদিনব্যাপী এই মেলা।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক রপ্তানিতে বিশ^বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে রপ্তানি বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ব্যাংকঋণ সহজ ও সুদহার কমানো প্রয়োজন। আমাদের জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান এখন ৩২ শতাংশ।

দেশে শিল্পায়ন হচ্ছে দ্রুতগতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। অনেকগুলোর কাজ দ্রুত এগিয়ে চলেছে। দেশে উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠতে বেশি সময় প্রয়োজন হবে না।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেন, দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে আছে। ভারতের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্ষেত্রে কাজ চলছে। দেশে শিল্পায়নের জন্য চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোতে ২২টি দেশের ৩৭০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে রয়েছে নিত্যনতুন প্রযুক্তি, সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, রং, রাসায়নিক দ্রব্যাদি এবং উদ্ভাবনী কাঁচামাল।

মেলা প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

সেমস গ্লোবালের কর্ণধার মিজ মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআইর প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম, বিকেএমইএর ফাস্ট ভাইস-প্রেসিডেন্ট মনসুর আহমেদ এবং চায়নার সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেক্সের পরিচালক সেন জেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত