পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সুনামগঞ্জের শারীরিক প্রতিবন্ধী তারা মিয়াকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি রইছ উদ্দিন ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে তারা মিয়ার ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে। জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আবিদুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ২৮ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে জামালগঞ্জ থানায় স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর নামে মামলা হয়। মামলায় শারীরিক প্রতিবন্ধী তারা মিয়াকেও আসামি করা হয়। মঙ্গলবার হাইকোর্টে অন্যদের সঙ্গে জামিন নিতে আসেন তারা মিয়া। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শারীরিক প্রতিবন্ধী তারা মিয়ার একটি ছবি গতকাল বুধবার একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।
×
