ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল ও গাজীপুর এলাকায় বিএসটিআইয়ের দুটি সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ লঙ্ঘন করায় এ মামলা দায়ের হয়।
অভিযুক্ত আট প্রতিষ্ঠানের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা বাজার এলাকার টাঙ্গাইল মিষ্টি মেলা, টাঙ্গাইল মিষ্টি মুখ, জয়দুর্গা মিষ্টি ভাণ্ডার, টাঙ্গাইল মিষ্টির সমাহার ও শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের দইয়ের পাতিলে ওজনে কম, ঘি পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না থাকা এবং বিএসটিআই থেকে ডিজিটাল প্ল্যাটফরম স্কেলের ভেরিফিকেশন সার্টিফিকেট না নিয়ে ব্যবহারের দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এ ছাড়া বাসাইল উপজেলার করটিয়া এলাকার হাজী ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়াসহ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের মেয়াদোত্তীর্ণ ক্যালিব্রেশন সার্টিফিকেট ব্যবহারের দায়ে মামলা দায়ের করা হয়। গাজীপুর সদর এলাকায় বিএসটিআইয়ের আরেকটি সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ইউনিক টেইলার্স অ্যান্ড বস্ত্রালয় ও ঢাকা টেইলার্স অ্যান্ড বস্ত্রালয় কাপড় বিক্রিতে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহারের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিএসটিআইয়ের এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক, মো. রেজাউল করিম, মো. মোন্নাফ হোসেন, সঞ্জয় কুমার সরকার ও পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম, মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।
