স্থায়ী সহাবস্থান নিশ্চিত করে ডাকসু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল। এ জন্য তিন মাস নির্বাচন পেছানোর দাবি করেছে সংগঠনটি। গতকাল রবিবার মধুর ক্যান্টিনে দুপুর ১টায় সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, আমরা চাই একটা স্থিতিশীল সহাবস্থান। আমাদের যারা হলের বাইরে আছে তাদের ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি আমাদের দাবি ভোটকেন্দ্র হলের বাইরে দেওয়া, নির্বাচনের কমিটিগুলোতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। আশা করি, এই দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবে।
নির্বাচন পেছানোর বিষয়ে ছাত্রদলের এই নেতা বলেন, নির্বাচন তিন মাস পেছানোর যে দাবি করেছি সেটার কারণ তড়িঘড়ি নির্বাচন করলে এবং শুধু ডাকসু নির্বাচনকে হালাল করার জন্য যদি সহাবস্থানের নাটক করা হয়, তাহলে বিশ^বিদ্যালয়ের সামগ্রিক গণতান্ত্রিক যে চেতনা সেগুলোর সঙ্গে তামাশা করা হবে। তাই আমরা চাচ্ছি স্থিতিশীল সহাবস্থান নিশ্চিতের পর ডাকসু নির্বাচন করা হোক।
প্রশাসন বলেছে হলেই ভোটকেন্দ্র থাকবে, তাহলে আপনারা কি দাবি না মানলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছাত্রদলের এই নেতা বলেন, আমরা ডাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকতে চাই।
নির্বাচনের প্যানেলের বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। আন্দোলনের পাশাপাশি আমাদের সামগ্রিক প্রস্তুতি থাকবে। এ ছাড়াও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আমাদের দলীয় ফোরামে কথা বলব। উল্লেখ্য, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন।
