চূড়ান্ত লাইসেন্স পেল কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৪ এএম

কিশোরগঞ্জ ইকোনমিক জোনকে গতকাল সোমবার চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লাইসেন্স দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ।

কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের একটি উদ্যোগ। এটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে ৯১ দশমিক ৬৩ একর জমিতে প্রতিষ্ঠিত। জোনটি সম্পূণরূপে বাণিজ্যিক উৎপাদন শুরু করলে পাঁচ বছরের মধ্যে প্রায় পাঁচ হাজার প্রত্যক্ষ ও ২০ হাজার পরোক্ষ কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, কিশোরগঞ্জ ইকোনমিক জোনের উদ্যোক্তারা তাদের পূর্ব ব্যবসার সুনাম অক্ষুণ্ণ রেখে কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল সফলভাবে বাস্তবায়নে সক্ষম হবেন এবং শিল্প অবহেলিত হাওরাঞ্চলে তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, বেসরকারি খাতে একটি বৃহৎ অর্থনৈতিক অঞ্চল এটি, যা কৃষিনির্ভর হাওরাঞ্চলের প্রবেশদ্বার ভৈরবের কাছে হওয়ায় সহজে বিনিয়োগ আকর্ষণ ও এই অনগ্রসর এলাকার জীবনযাত্রার মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্র্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মো. ফারুক হোসেন, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ,  নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপারসন সেলিমা আহমাদ,  কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমাদ এবং টাটা মটরসের কান্ট্রি ম্যানেজার জিতেন্দ্র বাহাদুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত