কিশোরগঞ্জের ভৈরবে এক চাল ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে ১৬ লাখ ৬৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায়। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম মিয়া।
ব্যবসায়ী সেলিম মিয়া ভৈরব পৌর শহরের কালিপুরের বাসিন্দা। তিনি বাজিতপুরের হামিম ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ওই প্রতিষ্ঠান থেকে তিনি বেশ কয়েক বছর ধরে চাল এবং চালের বস্তা কেনা-বেচার ব্যবসা করে আসছেন।
সেলিম মিয়া জানান, সোমবার রাত ৮টার দিকে তিনি কমলপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাজিতপুর যেতে রওনা হন। অটোরিকশাটি শম্ভুপুর রেল গেইট অতিক্রম করলে তার গলায় ছুরি ঠেকিয়ে হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় যাত্রীবেশী দুই ছিনতাইকারী।
এ সময় তাকে ছিনতাইকারীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং গায়ের শার্ট ছিঁড়ে ফেলে বলেও তিনি জানান। পরে পানাউল্লাহরচর এলাকায় অটোরিকশাটির গতি কমিয়ে তাকে নামিয়ে দেয়।
এত টাকা নগদ নিয়ে রাতে কেন অটোরিকশায় যাচ্ছিলেন এমন প্রশ্নের উত্তরে সেলিম মিয়া জানান, রাতেই টাকাগুলো এক পার্টিকে দেওয়ার কথা ছিল। তাই তিনি অটোরিকশাযোগে একটি ব্যাগে করে টাকাগুলো নিয়ে বাজিতপুরের উদ্দেশ্যে রওনা করেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, এতগুলো টাকা নিয়ে রাতের বেলায় যাওয়াটা অস্বাভাবিক ও সন্দেহজনক। তারপরও তার অভিযোগের ভিত্তিতে পুলিশ মাঠে কাজ করছে।
