বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়ন হয়েছিল। এ কারণেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছে।’ অথচ বর্তমানে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী, সমৃদ্ধিশালী ও সম্মানজনক জীবন কামনা করে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, খালেদা জিয়ার সরকারের আমলে গৃহীত কর্মসূচি অব্যাহত রাখলে নারীরা দেশের আর্থসামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে বিএনপি মনেপ্রাণে বিশ্বাস করে।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান আওয়ামী লীগ শাসনামলে উদ্বেগের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি। রক্ষা পাচ্ছে না শিশুরাও। বর্তমান দুঃসময়ে নারী ও শিশুরা অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে সরকারের কারাগারে বন্দি। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে। নারীসমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান মির্জা ফখরুল।
মহিলা দলের মানববন্ধন আজ : বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আগামীকাল (আজ) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের আমলে নারী ও শিশুদের ওপর যে নির্যাতন চলছে তা তুলে ধরবেন মহিলা দলের নেত্রীরা।
