চট্টগ্রামে কবিতা খানম

নির্বাচনে পক্ষপাত আচরণ কারও কাছে প্রত্যাশা করি না

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০২:৫১ এএম

নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম বলেছেন,  ‘নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য নয়। ভোটারের নিরাপত্তা, সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা। নির্বাচনে কেউ যাতে অবৈধ সুবিধা গ্রহণ করতে না পারে, বিষয়টি নজরে রাখতে হবে।’

গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে বিভাগীয় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময়  সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে কবিতা খানম বলেন, ‘প্রথম ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাকি চার ধাপের নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। কোনো প্রলোভন স্পর্শ না করে সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ কারও কাছে  প্রত্যাশা করি না। রাষ্ট্র আপনাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, সেটি সৎভাবে পালন করবেন। প্রার্থীরা শুধু প্রার্থী হিসেবেই থাকবেন। অন্য কোনো পরিচয়ে তারা যেন আপনাদের কাছে না পরিচিত না হন।’

বিশেষ অতিথির বক্তব্যে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘প্রথম ধাপের নির্বাচনে ২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এই নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইসি সুষ্ঠু ভোট চায়। নির্বাচনে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে কমিশন শাস্তির আওতায় আনা হবে।’

সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তিন পার্বত্য জেলায় সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবেন জানিয়ে ইসি সচিব আরও বলেন, কমিশন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ও বান্দরবানে নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনীকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কক্সবাজার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। সেখানে বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও ভোটগ্রহণের দায়িত্বে থাকবে। নির্বাচনকালীন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সিলাগালা থাকবে, যাতে তাদের (রোহিঙ্গা) ব্যবহার করে কোনো অরাজকতা সৃষ্টির সুযোগ তৈরি না হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনী কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত