কার্তিক আরিয়ান এবং সারা আলি খান দুজনই বলিউডের তরুণ প্রজন্মের তারকা। এবার তারা জুটি বেঁধেছেন জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল ২’ সিনেমায়। কিছুদিন আগেই একটি চুমুর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি পার্টিতে একে অপরকে গভীরভাবে চুমু খাচ্ছেন দুই তরুণ-তরুণী। বিষয়টি সামনে আসতেই গুঞ্জন সৃষ্টি হয় এটি সারা এবং কার্তিকের চুমুর ভিডিও। এবার মুখ খুললেন কার্তিক। বলিউড লাইফ সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই চুমুর দৃশ্যের ব্যাপারে কার্তিক বলেন, ‘আমি ইমতিয়াজ স্যারের আসন্ন সিনেমায় অভিনয় করছি। আর এই নিয়ে যদি কোনো কথা বলার থাকে তাহলে প্রযোজনা সংস্থা উইন্ডো সিট বিষয়টা সবিস্তারে ব্যাখ্যা করে বলতে পারবে। আর ভিডিওটি নিয়ে এটাই বলতে পারি, সত্যিই কি ওই ভিডিওতে আমি এবং সারা ছিলাম?’
কার্তিক প্রশ্নের মাধ্যমে জবাব দিলেও এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি সারার পক্ষ থেকে। এদিকে কার্তিক ও সারার নামে ভাইরাল হওয়া সেই চুমুর ভিডিও দেখে তাদের পর্দায় দেখতে আরও উৎসাহী হয়েছেন দর্শক। কিন্তু কার্তিকের মন্তব্যকে ঘিরে প্রশ্ন উঠছে, তাহলে চুমুর ভিডিওটি শুধু একটি প্রচার ভিডিও কি না। ‘কফি উইথ করন’ শোতে করন জোহরের কাছে সারা স্বীকার করেন, তিনি কার্তিককে পছন্দ করেন। অপরদিকে একই চ্যাট শোতে এসে কার্তিক জানান, তিনি সারার সঙ্গে ডেটে যেতে প্রস্তুত। এর কিছুদিনের মধ্যেই ইমতিয়াজ আলি এই জুটিকে মাথায় রেখে ‘লাভ আজকাল ২’ সিনেমায় তাদের চুক্তিবদ্ধ করেন। গত ৪ মার্চ থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
