নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরের ট্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় এক তুর্কি নাগরিককে গ্রেপ্তার করেছে ডাচ পুলিশ। গোকমেন তানিস নামের ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ডাচ পুলিশপ্রধান রব ভ্যান ব্রি সাংবাদিকদের জানান, হামলার সন্দেহভাজনকে গ্রেপ্তারের সংবাদ পাওয়া গেছে। তবে কোন জায়গা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। হামলার ঘটনা থেকে প্রায় দুই মাইল দূরের একটি ভবন থেকে গোকমেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ওই ব্যক্তির ব্যবহৃত গাড়ি থেকে একটি চিঠি উদ্ধার করেছে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি হামলা চালিয়েছে তা প্রাপ্ত চিঠির মাধ্যমে অনেকটা পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ। তবে চিঠির বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে একজন আইনজীবী বলেছেন, পারিবারিক কারণে ওই ব্যক্তি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাদলু সংবাদ সংস্থা বন্দুকধারীর স্বজনের বরাত দিয়ে বলেছে, সে ট্রামে তার একজন আত্মীয়কে গুলি করে এবং তারপর তাকে সাহায্যকারী অন্যদের গুলি করে।
নেদারল্যান্ডসের অ্যান্টি-টেররিজম সমন্বয়ক পিটার-জ্যাপ আলবার্সবার্গ সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারীর উদ্দেশ্য স্পষ্ট নয়। এখনো অনেক বিষয়েই নিশ্চিত হওয়া যায়নি। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে স্থানীয় কর্র্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আরও বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি।
গত সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে (০৯:৪৫) টোয়েন্টিফোর অক্টোবরপ্লেইন জংশনের কাছে গুলির ঘটনা ঘটে। বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রামের ভেতর গুলি করার পর বন্দুকধারী গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিরাপত্তার কারণে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে নগরীতে সব ধরনের ট্রেন ও ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছিল। যদিও পরে কিছু কিছু যান চলতে শুরু করেছে।
বাংলাদেশি কেউ হতাহত হয়নি : নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে ট্রামে গুলির ঘটনায় বাংলাদেশি কেউ হতাহত হননি বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত সোমবার দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সোমবারের ওই ঘটনায় কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউট্রেখট শহরে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে বসবাসরত বাংলাদেশিদের নেদারল্যান্ডস সরকারের নির্দেশ মেনে চলতে অনুরোধ জানিয়েছে দূতাবাস। এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য দূতাবাসের হটলাইনে (+৩১-৬৮ ৪১২ ৩২২৯) যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া দূতাবাসের ইমেইলেও (সরংংরড়হ.যধমঁব@সড়ভধ.মড়া.নফ) যোগাযোগ করা যাবে। সামাজিকমাধ্যম ব্যবহার করে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সতর্কতার সঙ্গে চলার অনুরোধ জানিয়ে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশিরা যেন এসব বিষয় কড়াকড়িভাবে মেনে চলেন।
নেদারল্যান্ডসের স্থানীয় সময় সোমবার বেলা পৌনে ১১টার দিকে টোয়েন্টিফোর অক্টোবরপ্লেইন জংশনের কাছে ট্রামের ভেতর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় এক বন্দুকধারী। এ ঘটনায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে গোকম্যান তানিস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
