মাছ চুরি ঠেকাতে পুকুরে বিদ্যুতের তার প্রাণ গেল অন্তঃসত্ত্বার

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:৪০ এএম

মাছ চুরি ঠেকাতে পুকুরমালিকের পাতা বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেছে অন্তঃসত্ত্বা গৃহবধূর। গতকাল শুক্রবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার বাগডাঙ্গা পীরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মিনা বেগম। তিনি ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। সন্তোষপুর ইউনিয়নের তালেবের হাট এলাকায় মিলন মিয়ার মেয়ে মিনার সঙ্গে এক বছর আগে তাদের বিয়ে হয় আজিজুলের। মিনা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহতের স্বজনরা জানান, বাড়ির উত্তরে আব্দুস সাত্তারের পুকুরে কাপড় ধুতে যান মিনা। এ সময়

তার হাতে বিদ্যুতের তার জড়িয়ে যায়। ঘটনাস্থলেই মিনার মৃত্যুর পর প্রতিবেশীরা মরদেহ বাড়িতে নিয়ে আসে। স্থানীয়রা জানায়, পুকুরটি এলাকার আব্বাস ব্যাপারীর ছেলে আব্দুস সাত্তারের। কেউ যেন মাছ ধরতে না পারে এজন্য বাড়ির সংযোগ থেকে বিদ্যুতের তার এনে পুকুরের পাড়ে ফাঁদ পেতে রাখেন তিনি। ওই তারে জড়িয়ে মারা যান মিনা।

এ বিষয়ে পুকুরের মালিক আব্দুস সাত্তার বলেন, ‘ওই পুকুরে লাইট দেওয়া থাকে। বিদ্যুতের তার ছিল। কিন্তু কীভাবে ওই নারী মারা গেছেন তা জানি না। ঘটনার পরে তার খুলে নিয়ে এসেছি।’ নাগেশ্বরী থানার ওসি জাকির-উল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত