জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নকশা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার নিজ কার্যালয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে এই দুই প্রকল্পের নকশা দেখেন তিনি। পরে এ বিষয়ে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
ইহসানুল জানান, ঢাকার কেরানীগঞ্জে নির্মিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নকশা দেখে সন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষকে ক্যাম্পাসে পর্যাপ্ত খেলার মাঠ ও জলাশয়ের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে যথাযথ মনোযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
নকশা উপস্থাপনকালে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, জবির উপাচার্য ড. মিজানুর রহমান, বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস এবং জ্বালানি বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।
