রাজউকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে : নাসিম

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৩:৩৫ এএম

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতল ভবনটির নকশার প্রসঙ্গ টেনে মালিকপক্ষের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবারের ওই ঘটনায় আহতদের দেখতে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ১৮ তলার পরিবর্তে ২৩ তলা ভবন নির্মাণে মালিকপক্ষ ও রাজউকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও উন্নত করতে হবে। নাসিম এ সময় অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের

কৃতজ্ঞতা জানান।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, ঘটনার দিন থেকে সেখানে যে চারজন চিকিৎসাধীন তারা এখন অনেকটা সুস্থ, শঙ্কামুক্ত। তাদের মধ্যে শুধু রেজওয়ান আহমেদ (৩৫) আইসিইউতে আছেন।

এ ছাড়া গত শুক্রবার বিকেলে ও গতকাল শনিবার সকালে সাহাবুদ্দীন হাতপাতাল থেকে যে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়, তারাও শঙ্কামুক্ত বলে জানান ডা. সামন্ত লাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত