মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বিজ্ঞাপন ও এ ধরনের তৎপরতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গতকাল সোমবার এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, তথ্য সচিবসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এখলাছউদ্দিন ভূঁইয়াসহ চারজন আইনজীবী গতকাল জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। জনগণের করের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ ও নিষেধাজ্ঞা চাওয়া হয় আবেদনে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
