শিক্ষার্থীদের সাথে দ্বিতীয় দফা বৈঠকে মেয়র আতিকুল

ডোপ টেস্ট ছাড়া কোন চালক মাঠে নামতে পারবে না

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১০:২৩ পিএম

রাজধানীর প্রগতি সরণির জেব্রা ক্রসিংয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের পর শিক্ষার্থীদের সাথে দ্বিতীয় দফা বৈঠকের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নানামুখী উদ্যোগ হাতে নিতে যাচ্ছে ডিএনসিসি।

এর মধ্যে চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে নেওয়া হচ্ছে। ডোপ টেস্ট ছাড়া কোন চালক মাঠে নামতে পারবে না।

বৃহস্পতিবার ডিএনসিসি নগর ভবনে শিক্ষার্থীদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, আমরা চালকদের ডোপ টেস্টরে আওতায় নিয়ে আসছি। এটা করতে পারলে সড়কে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। এ জন্য কিছুদিন সময় দরকার। আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলব, বাস মালিক ও চালকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আতিকুল ইসলাম বলেন, আমরা চাই সম্মিলিতভাবে কাজ করতে। সে জন্য আমরা সবকিছু জবাবদিহির আওতায় নিয়ে এসেছি। আজ শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করতে পারছে এবং সেই প্রশ্নের উত্তরও আমরা দিচ্ছে।

বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম ছিল বিআরটিএ কে দালাল মুক্ত করা।

চুক্তিভিত্তিক গাড়ি চালানোর পরিবর্তে চালকদের বেতন কাঠামোর আওতায় আনা, বাস স্টপেজ, রোড সাইন সচল করা, গণ পরিবহনের সংখ্যা বাড়ানো, ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা, হালকা যানবাহনের লাইসেন্স নিয়ে ভারী যানবাহন চালানো যাবে না। ফুট ওভার ব্রিজ না করে জেব্রা ক্রসিং ব্যবহারে জোড় দেওয়া।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই প্রধান, প্রকৌশলী ব্রি. জেনারেল যুবায়ের সালেহীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মীর রেজাউল আলম, বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত